বাণিজ্য
নেপালে অনুষ্ঠিত হলো ওয়ালটন গ্লোবাল ডিস্ট্রিবিউটর মিট–২০২৬

নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়েছে প্রযুক্তি জায়ান্ট ওয়ালটন হাই টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ‘গ্লোবাল ডিস্ট্রিবিউটর মিট–২০২৬’। এ আয়োজনে নেপাল ও বাংলাদেশ থেকে ওয়ালটনের প্রায় আড়াই শতাধিক ডিস্ট্রিবিউটর ও ব্যবসায়িক অংশীদার অংশ নেন।
আয়োজনের মূল লক্ষ্য ছিল ওয়ালটনের বৈশ্বিক ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আরও সম্প্রসারণ ও শক্তিশালী করা। সম্মেলনে অংশগ্রহণকারীরা বিশ্বব্যাপী ওয়ালটন পণ্যের বাজার আরও বিস্তৃত করার পাশাপাশি ১০০টিরও বেশি দেশে রপ্তানি লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
গত বুধবার (২৯ এপ্রিল) কাঠমান্ডুর একটি পাঁচ তারকা হোটেলে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। তিনি বলেন, বিশ্বজুড়ে ওয়ালটনের সম্প্রসারণে ব্যবসায়িক অংশীদারদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে ওয়ালটন এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার ৫৫টিরও বেশি দেশে নিজস্ব ব্র্যান্ড ব্যবসা পরিচালনা করছে। তিনি আরও জানান, আগামী দিনে ১০০টি দেশে ওয়ালটনের উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কোম্পানি কাজ করছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নেপালের পরিবেশক প্রতিষ্ঠান থাপা বিজনেস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রনীল থাপা, পরিচালক প্রনিমেশ থাপা, জেনারেল ম্যানেজার সুরেন্দ্র পোখারেল, ওয়ালটনের বিজনেস কোঅর্ডিনেটর শাহজালাল হোসেন লিমন, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের প্রধান মো. ফিরোজ আলম এবং ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার মো. তাহসিনুল হক।
আয়োজনে নেপালের বাজারের জন্য বিশেষভাবে ডিজাইন করা নতুন ১৮টি ফ্রিজ মডেল উন্মোচন করা হয়। এর মধ্যে ১৬৫ লিটারের সিঙ্গেল ডোর রেফ্রিজারেটরও রয়েছে, যা স্থানীয় চাহিদা বিবেচনায় তৈরি করা হয়েছে।







