বাণিজ্য

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডে নতুন সিইও ও এমডি নিয়োগ

ডেস্ক

শেয়ারঃ

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডে নতুন সিইও ও এমডি নিয়োগ- খবরের থাম্বনেইল ফটো

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মহসিন হাবিব চৌধুরীকে নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। গত ২৯ এপ্রিল অনুষ্ঠিত বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। নতুন এই নিয়োগ ২০২৬ সালের ১ আগস্ট থেকে কার্যকর হবে এবং তা পাঁচ বছরের জন্য বহাল থাকবে।


প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই নিয়োগ ২০২৬ সালের বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের অনুমোদন এবং কোম্পানিজ অ্যাক্ট, ১৯৯৪সহ প্রযোজ্য আইন ও বিধিবিধানের আওতাভুক্ত থাকবে।


বর্তমানে মহসিন হাবিব চৌধুরী কোম্পানির চিফ অপারেটিং অফিসার (সিওও) ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৯৫ সালে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডে যোগদান করেন এবং দীর্ঘ কর্মজীবনে বিক্রয়, বিপণন ও অপারেশন ব্যবস্থাপনায় বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন। তাঁর অবদান কোম্পানির ধারাবাহিক প্রবৃদ্ধি এবং বাজারে নেতৃত্ব প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


একই সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, রূপালী হক চৌধুরীকে দুই বছরের জন্য এক্সিকিউটিভ ডিরেক্টর (বিপিবিএল সাবসিডিয়ারিজ), কো-অর্ডিনেশন ডিরেক্টর (জয়েন্ট ভেঞ্চারস) এবং নন-এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগও ২০২৬ সালের ১ আগস্ট থেকে কার্যকর হবে।


রূপালী হক চৌধুরী ২০০২ সালের ১ জুলাই বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডে যোগ দেন এবং ২০০৮ সাল থেকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য সম্প্রসারণ ও রূপান্তরের বিভিন্ন ধাপ সফলভাবে অতিক্রম করেছে।


পরিচালনা পর্ষদ উভয় কর্মকর্তার দীর্ঘদিনের অবদান, নেতৃত্ব ও নিষ্ঠার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং তাঁদের ভবিষ্যৎ দায়িত্বে প্রতিষ্ঠানটির টেকসই প্রবৃদ্ধি ও দীর্ঘমেয়াদি সাফল্য অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছে।


সম্পর্কিত খবর