জাতীয়
গণতন্ত্রের পথ থেকে দেশ বিচ্যুত হলেই আন্দোলন-প্রতিবাদ হয়েছে: মঈন খান

যখনই গণতন্ত্রের পথ থেকে দেশ বিচ্যুত হয়েছে, তখনই আন্দোলন-প্রতিবাদ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, এমপি।
এবি পার্টির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল তিনি এ কথা বলেন। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
বিএনপির এ প্রবীণ নেতা বলেন, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ ও বন্ধুর আন্দোলনের পথে রাজনৈতিক নেতারা বিভিন্ন সময়ে ভুল করে থাকতে পারেন, কিন্তু এ দেশের জনগণ কখনও ভুল করেনি।
তিনি বলেন, ‘প্রতিবাদ থেকেই আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’র উত্থান হয়েছে। এই ধারাবাহিকতা ভবিষ্যতেও দেশের রাজনীতিতে ভূমিকা রাখবে। এবি পার্টির অগ্রযাত্রা বাংলাদেশের অগ্রযাত্রা হয়ে থাকবে।’
ড. মঈন খান বলেন, ১৯৭১ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত জনগণ বারবার ভুল শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করে দেশকে সংশোধনের পথে নিয়ে এসেছে।
জনগণ কখনও ভুল করেনি, বরং রাজনৈতিক নেতৃত্বের ভুলই আন্দোলনের জন্ম দিয়েছে।
তিনি আরও বলেন, ২০২৪ সালের আন্দোলনও সেই প্রতিবাদের ধারাবাহিকতা।
অনুষ্ঠানে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘দেশের মানুষ এখন আবেগনির্ভর ও প্রতিশ্রুতিনির্ভর রাজনীতি চায় না। তারা বাস্তবভিত্তিক, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী রাজনীতি প্রত্যাশা করে।’ তার দাবি, এবি পার্টি সেই বিকল্প রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলার চেষ্টা করছে।
জাতীয় সংসদের হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, ফ্যাসিবাদমুক্ত রাজনীতি প্রতিষ্ঠাই সাম্প্রতিক আন্দোলনের বড় অর্জন। খেলাফত মজলিসের আমির মাওলানা মামনুল হক বলেন, জুলাই আন্দোলন রাষ্ট্র কাঠামো সংস্কারের একটি বড় আকাঙ্ক্ষা তৈরি করেছে।
অনুষ্ঠানে বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাবেক আইন কর্মকর্তা, শিক্ষক এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।







