বাণিজ্য

এশিয়ায় বিদ্যুৎ ও ডিজিটাল সংযোগে ৭০ বিলিয়ন ডলারের বিনিয়োগ ঘোষণা এডিবির

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

এশিয়ায় বিদ্যুৎ ও ডিজিটাল সংযোগে ৭০ বিলিয়ন ডলারের বিনিয়োগ ঘোষণা এডিবির- খবরের থাম্বনেইল ফটো

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে বিদ্যুৎ গ্রিড সংযোগ এবং ডিজিটাল নেটওয়ার্ক সম্প্রসারণের লক্ষ্যে ২০৩৫ সালের মধ্যে ৭০ বিলিয়ন মার্কিন ডলারের বিশাল বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। 


উজবেকিস্তানের সমরকন্দে সংস্থার বার্ষিক সম্মেলনের প্রাক্কালে রবিবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্দা।


তিনি বলেন, ভবিষ্যতে এ অঞ্চলের প্রবৃদ্ধি ও প্রতিযোগিতায় টিকে থাকার ক্ষেত্রে জ্বালানি ও ডিজিটাল সংযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সীমান্ত পেরিয়ে বিদ্যুৎ গ্রিড ও ডিজিটাল নেটওয়ার্ক যুক্ত করা গেলে খরচ কমবে, সুযোগ বাড়বে এবং কোটি কোটি মানুষ নির্ভরযোগ্য সেবা পাবে।


এডিবির এ উদ্যোগের মধ্যে রয়েছে ‘প্যান-এশিয়া পাওয়ার গ্রিড’ এবং ‘এশিয়া-প্যাসিফিক ডিজিটাল হাইওয়ে’। এর মধ্যে বিদ্যুৎ খাতে ৫০ বিলিয়ন এবং ডিজিটাল অবকাঠামো খাতে ২০ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে।


বিদ্যুৎ খাতে সীমান্তপাড়ের সংযোগ বাড়িয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণে জোর দেওয়া হবে। এ লক্ষ্যে ট্রান্সমিশন লাইন, সাবস্টেশন, বিদ্যুৎ সঞ্চয় ব্যবস্থা ও গ্রিডের ডিজিটাল রূপান্তরে বিনিয়োগ করা হবে।


২০৩৫ সালের মধ্যে প্রায় ২০ গিগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি সংযোগ, ২২ হাজার সার্কিট কিলোমিটার সঞ্চালন লাইন নির্মাণ এবং ২০ কোটি মানুষের বিদ্যুৎ সুবিধা উন্নত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ খাতে কার্বন নিঃসরণ ১৫ শতাংশ কমানো এবং প্রায় ৮ লাখ ৪০ হাজার কর্মসংস্থান সৃষ্টির প্রত্যাশা করা হচ্ছে।


ডিজিটাল খাতে ২০ বিলিয়ন ডলারের বিনিয়োগে আঞ্চলিক ডেটা অবকাঠামো, ফাইবার নেটওয়ার্ক, স্যাটেলাইট সংযোগ এবং ডেটা সেন্টার গড়ে তোলা হবে। এর মাধ্যমে ২০ কোটি মানুষ প্রথমবারের মতো ব্রডব্যান্ড সুবিধা পাবে এবং আরও ৪৫ কোটি মানুষের ইন্টারনেট সংযোগ দ্রুত ও নির্ভরযোগ্য হবে।


দুর্গম ও স্থলবেষ্টিত দেশগুলোতে ইন্টারনেট সংযোগ ব্যয় প্রায় ৪০ শতাংশ কমানোর লক্ষ্য রয়েছে। এ খাতে প্রায় ৪০ লাখ কর্মসংস্থান সৃষ্টি হতে পারে বলেও জানানো হয়।


এডিবি জানিয়েছে, বিদ্যুৎ খাতের ৫০ বিলিয়ন ডলারের মধ্যে প্রায় অর্ধেক নিজস্ব অর্থায়ন থেকে এবং বাকি অংশ যৌথ অর্থায়নের মাধ্যমে সংগ্রহ করা হবে। একইভাবে ডিজিটাল খাতের ২০ বিলিয়ন ডলারের মধ্যে ১৫ বিলিয়ন ডলার এডিবি দেবে, বাকি অর্থ আসবে অংশীদারদের কাছ থেকে।


ডিজিটাল উদ্যোগকে সহায়তা দিতে দক্ষিণ কোরিয়ার সিউলে একটি এআই ইনোভেশন ও উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হবে। এই কেন্দ্র থেকে ২০৩৫ সালের মধ্যে প্রায় ৩০ লাখ মানুষকে ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তা  সম্পর্কিত দক্ষতায় প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য রয়েছে।


১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এডিবি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল প্রবৃদ্ধি অর্জনে কাজ করে যাচ্ছে। সংস্থাটির সদস্য দেশ ৬৯টি, যার মধ্যে ৫০টি এ অঞ্চলের।


সম্পর্কিত খবর