জাতীয়

সরকার সুষম উন্নয়ন ও জলবায়ু সহনশীলতায় কাজ করে যাচ্ছে : দীপেন দেওয়ান

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

সরকার সুষম উন্নয়ন ও জলবায়ু সহনশীলতায় কাজ করে যাচ্ছে : দীপেন দেওয়ান- খবরের থাম্বনেইল ফটো

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার সুষম উন্নয়ন, জলবায়ু সহনশীলতা এবং স্থানীয় জনগোষ্ঠীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।


তিনি বলেন, আমাদের প্রকৃতি ও জীববৈচিত্র্যকে রক্ষা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সরকার সুষম উন্নয়ন, জলবায়ু সহনশীলতা এবং স্থানীয় জনগোষ্ঠীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর সুচিন্তিত দিক-নির্দেশনায় পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা ও অধিকতর সমৃদ্ধি অর্জন সম্ভব হবে।


আজ সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে কানাডা সরকারের অর্থায়নে ‘গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা’ (জিএসি)-এর মাধ্যমে বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় গৃহীত ‘হিন্দু-কুশ হিমালয় অঞ্চলে সমন্বিত জলবায়ু অভিযোজন সমাধান’ (হাই-কাস) প্রকল্পের উদ্বোধনী কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।


দীপেন দেওয়ান বলেন, জলবায়ু পরিবর্তনজনিত বিরূপ প্রভাব মোকাবিলায় হিমালয় অঞ্চলের জনগোষ্ঠী ও দুর্দশাগ্রস্ত জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো জরুরি। 


সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থা ও উন্নয়ন সহযোগীদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, বান্দরবানের সুয়ালক ও খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এই পাইলট প্রকল্পের সাফল্য পর্যায়ক্রমে পুরো পার্বত্য চট্টগ্রামে সম্প্রসারণ করা হবে। 


অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার পার্বত্য অঞ্চলের মানুষের জীবন-জীবিকা ও জনস্বাস্থ্যের উন্নয়নে অত্যন্ত আন্তরিক। সরকার জলবায়ু সহিষ্ণু কৃষি উৎপাদন ও পরিবেশ রক্ষায় নিরলসভাবে কাজ করছে। 


তিনি বলেন, প্রধানমন্ত্রী একটি ‘রেইনবো নেশন’ বা অন্তর্ভুক্তিমূলক ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চান, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে কেউ বৈষম্যের শিকার হবে না।


জনকল্যাণে গৃহীত সকল প্রকল্পে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে বলে আশ্বস্ত করে প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, প্রকৃতির পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে নবায়নযোগ্য জ্বালানি ও কৃষি জীববৈচিত্র্যের ওপর জোর দেওয়া একটি সময়োপযোগী পদক্ষেপ। 


কর্মশালায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আরণ্যক ফাউন্ডেশন ও ইসিমোডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 


সম্পর্কিত খবর