জাতীয়
গুলি আর সাউন্ড গ্রেনেডের আওয়াজে ভয়াবহ অবস্থা: আমিও ছিলাম সেই মিছিলে

ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে ঘটে যাওয়া ঘটনার ১৩ বছর পূর্তিতে সেই রাতের স্মৃতিচারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ।
সোমবার (৪ মে) দিবাগত রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, ওই রাতে গুলি ও সাউন্ড গ্রেনেডের শব্দে পুরো এলাকা এক ভয়াবহ পরিস্থিতিতে পরিণত হয়। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষ দিকবিদিক ছুটতে থাকে।
জুনায়েদ তার পোস্টে জানান, বিকেল থেকে নানা বাধা পেরিয়ে তারা মতিঝিল এলাকায় পৌঁছান। রাতে হামলার আশঙ্কার মধ্যে অবস্থান নেওয়ার পর রাত ২টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করে। রাবার বুলেট, শটগানের গুলি ও সাঁজোয়া যান ব্যবহার করা হয় বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অনেকে ছত্রভঙ্গ হয়ে পড়েন, অনেকে আহত হন। আতঙ্কে সাধারণ মানুষের মধ্যে ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়।
নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “চারপাশে শুধু গুলির শব্দ, মানুষ ছুটছে, কেউ কাউকে চিনতে পারছে না—পুরো পরিস্থিতি যুদ্ধক্ষেত্রের মতো ছিল।”
পোস্টে তিনি দাবি করেন, ভোর পর্যন্ত কিছু লোক প্রতিরোধের চেষ্টা করলেও শেষ পর্যন্ত সবাই ক্লান্ত হয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের ডাকা মহাসমাবেশকে ঘিরে মতিঝিল এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। ওই ঘটনার বিষয়ে বিভিন্ন মহলে ভিন্নমত ও বিতর্ক রয়েছে।







