জাতীয়
কোথাও লোডশেডিং নেই, যা হচ্ছে তা লাইনের ত্রুটিজনিত: বিদ্যুৎমন্ত্রী

দেশে কোথাও বর্তমানে লোডশেডিং নেই বলে দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, বর্তমানে যে বিদ্যুৎ বিভ্রাট দেখা যাচ্ছে, তা মূলত বিদ্যুৎ লাইনের ত্রুটির কারণে, জ্বালানি সংকটের কারণে নয়।
মঙ্গলবার (৫ মে) ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে অংশ নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
গ্রামাঞ্চলে লোডশেডিং হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জ্বালানির ঘাটতির কারণে লোডশেডিং হচ্ছে না। সাময়িকভাবে দুটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সমস্যার কারণে কিছু সময়ের জন্য বিভ্রাট তৈরি হয়েছিল, যা এখন নিয়ন্ত্রণে রয়েছে।
আসন্ন গরমে লোডশেডিং পরিস্থিতি সৃষ্টি হতে পারে কি না—এ প্রশ্নে তিনি মন্তব্য করেন, “আপনি এখান থেকে বের হওয়ার পর বেঁচে থাকবেন কি না, তার কি কোনো গ্যারান্টি আছে?”—এ ধরনের উত্তর দিয়ে তিনি বিষয়টি অনিশ্চয়তার উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠকের প্রসঙ্গে মন্ত্রী জানান, কিছুদিন আগে জ্বালানি খাতে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা হয়েছিল, তবে জেলা প্রশাসকদের সহযোগিতায় তা মোকাবিলা করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, দেশের সব সরকারি স্থাপনায় সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এই উদ্যোগ বাস্তবায়িত হলে জাতীয় গ্রিডে অতিরিক্ত বিদ্যুৎ যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।







