বাণিজ্য
৬ আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরতের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন

রাজধানীতে আটকে থাকা আমানত ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন ছয়টি অবসায়নাধীন নন-ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন (এনবিএফআই)-এর ক্ষতিগ্রস্ত আমানতকারীরা।
বুধবার (৬ মে) বাংলাদেশ ব্যাংক-এর প্রধান কার্যালয়ের সামনে মুখে কালো কাপড় বেঁধে এ কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে শতাধিক ভুক্তভোগী অংশ নেন। লিখিত বক্তব্যে আমানতকারীদের প্রতিনিধিরা জানান, দেশের ছয়টি অবসায়নযোগ্য এনবিএফআইয়ে আটকে পড়া প্রায় ১২ হাজারের বেশি আমানতকারীর পক্ষে তারা এ কর্মসূচি পালন করছেন। দীর্ঘ সাত বছর ধরে কষ্টার্জিত সঞ্চয় ফেরত না পেয়ে তারা চরম আর্থিক অনিশ্চয়তা, মানসিক চাপ ও মানবিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন।
বক্তব্যে বলা হয়, অর্থের অভাবে অনেক আমানতকারী ক্যান্সার, কিডনি ও হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা নিতে পারছেন না। এমনকি চিকিৎসার অভাবে ইতোমধ্যে কয়েকজন আমানতকারীর মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তারা।
আমানতকারীরা বলেন, দেশের ব্যাংক ও এনবিএফআই খাতের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকের ওপর জনগণের আমানত সুরক্ষার সর্বোচ্চ দায়িত্ব বর্তায়। কিন্তু দীর্ঘদিনেও কার্যকর কোনো সমাধান না পাওয়ায় তারা হতাশ।
এ পরিস্থিতিতে তারা দ্রুত আমানত ফেরতের জন্য সুস্পষ্ট ও বাস্তবসম্মত রোডম্যাপ ঘোষণার দাবি জানান। বিশেষ করে, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর কর্তৃক ঘোষিত জুলাই ২০২৬ সময়সীমার মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
এছাড়া ক্ষতিগ্রস্ত ব্যক্তি-আমানতকারীদের অগ্রাধিকার ভিত্তিতে অর্থ ফেরতের ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, “রাষ্ট্রের সর্বোচ্চ আর্থিক নিয়ন্ত্রক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ব্যাংক জনগণের আমানত সুরক্ষায় দ্রুত, কার্যকর ও মানবিক ভূমিকা পালন করবে—এটাই আমাদের প্রত্যাশা।”







