বাণিজ্য
৯ মাসে বাণিজ্য ঘাটতি ১৯ বিলিয়ন ডলার ছাড়াল

রফতানি আয় কমে যাওয়া এবং আমদানি ব্যয় বেড়ে যাওয়ার কারণে চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে দেশের পণ্য বাণিজ্যে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, কাঁচামাল আমদানির উচ্চ ব্যয় এবং বৈদেশিক মুদ্রার বাড়তি চাহিদার কারণে অর্থনীতিতে নতুন চাপ সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ ব্যালেন্স অব পেমেন্টস (বিওপি) প্রতিবেদনে দেখা গেছে, চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ সময়ে দেশের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ১৯ দশমিক ১৭ বিলিয়ন ডলারে। আগের অর্থবছরের একই সময়ে এ ঘাটতি ছিল ১৫ দশমিক ৪৫ বিলিয়ন ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৪ দশমিক ১৩ শতাংশ।
প্রতিবেদন অনুযায়ী, আলোচিত সময়ে আমদানি ব্যয় বেড়ে হয়েছে ৫১ দশমিক ৫৬ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৬ শতাংশ বেশি। বিপরীতে রফতানি আয় কমে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৩৮ বিলিয়ন ডলারে, যা আগের বছরের তুলনায় ১ দশমিক ১ শতাংশ কম। ফলে আমদানি ও রফতানির ব্যবধান আরও বড় হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববাজারে জ্বালানি ও ভোগ্যপণ্যের দাম বাড়তে থাকায় আমদানিনির্ভর অর্থনীতির ওপর চাপ তৈরি হয়েছে। একই সঙ্গে প্রত্যাশিত হারে রফতানি আয় না বাড়ায় বৈদেশিক লেনদেনে ভারসাম্য রক্ষা কঠিন হয়ে পড়ছে।
তবে চলতি হিসাবের (কারেন্ট অ্যাকাউন্ট) ঘাটতি কিছুটা কমেছে। মার্চ শেষে এ ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ৪০ কোটি ডলারে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৮৭ কোটি ডলার।
এদিকে সামগ্রিক বৈদেশিক লেনদেন পরিস্থিতিতে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে ওভারঅল ব্যালান্সে উদ্বৃত্ত হয়েছে ৩ দশমিক ৬৫ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ সূচকে ১ দশমিক ১০ বিলিয়ন ডলার ঘাটতি ছিল।
এ সময়ে প্রবাসী আয়েও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। জুলাই-মার্চ সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৬ দশমিক ২০ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৩ শতাংশ বেশি।
অন্যদিকে বিদেশি বিনিয়োগ পরিস্থিতি মিশ্র চিত্র দেখাচ্ছে। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) কমে ১ বিলিয়ন ডলারে নেমে এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১ দশমিক ৩১ বিলিয়ন ডলার। পাশাপাশি শেয়ারবাজার থেকেও বিদেশি বিনিয়োগকারীরা অর্থ তুলে নিয়েছেন। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে পোর্টফোলিও বিনিয়োগে নিট বহির্গমন হয়েছে ১০ কোটি ৭০ লাখ ডলার।







