জাতীয়

শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয়ের প্রস্তুতি সরকারের: শিক্ষামন্ত্রী

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয়ের প্রস্তুতি সরকারের: শিক্ষামন্ত্রী- খবরের থাম্বনেইল ফটো

দেশের শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার ও গুণগত মান উন্নয়নে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ ব্যয় করতে সরকার প্রস্তুত বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন।


বৃহস্পতিবার (৭ মে) সকালে রাজধানীর হোটেল শেরাটন-এ ইউনিসেফ আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


শিক্ষামন্ত্রী বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, প্রতিযোগিতামূলক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষা খাতে প্রয়োজনীয় বিনিয়োগ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তিনি জানান, আধুনিক ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. মাহদী আমিন। তিনি শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন।


ড. মাহদী আমিন বলেন, শিক্ষকতা পেশাকে সমাজ ও রাষ্ট্রে আরও মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যেতে হবে, যাতে দেশের মেধাবী তরুণরা এই পেশাকে প্রথম পছন্দ হিসেবে বেছে নিতে আগ্রহী হয়।


তিনি আরও বলেন, শহর ও গ্রামের শিক্ষা ব্যবস্থার মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করে সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শিক্ষাক্রমে নৈতিক শিক্ষার অন্তর্ভুক্তি এবং মাতৃভাষা বাংলা ও আন্তর্জাতিক ভাষা ইংরেজিতে দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেন তিনি।


অনুষ্ঠানে বক্তারা টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে অন্তর্ভুক্তিমূলক, দক্ষ ও মানবিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।


সম্পর্কিত খবর