বাণিজ্য

২৬ দিন পর চালু হলো রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল শোধনাগার ‘ইস্টার্ন রিফাইনারি’

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

২৬ দিন পর চালু হলো রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল শোধনাগার ‘ইস্টার্ন রিফাইনারি’- খবরের থাম্বনেইল ফটো

ক্রুড অয়েল বা অপরিশোধিত তেলের মজুত শেষ হয়ে যাওয়ায় ২৬ দিন বন্ধ থাকার পর রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি লিমিটেড-এর মূল প্ল্যান্ট আবার চালু হয়েছে।


ক্রুড অয়েল সরবরাহ পাওয়ার পর দেশের একমাত্র সরকারি জ্বালানি তেল শোধনাগারটি পুনরায় উৎপাদনে ফিরেছে।


আজ (শুক্রবার) সকাল ৮টায় শোধনাগারটিতে পুনরায় উৎপাদন প্রক্রিয়া শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন ইস্টার্ন রিফাইনারি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ হাসনাত।


তিনি বলেন, কুতুবদিয়ায় অবস্থানরত ক্রুড অয়েলবাহী জাহাজ থেকে লাইটারিংয়ের মাধ্যমে তেল রিফাইনারিতে আনা হচ্ছে। সকাল ৮টায় প্ল্যান্ট চালু করা হয়েছে। তবে পুরো উৎপাদন প্রক্রিয়া শুরু হতে কয়েক ঘণ্টা সময় লাগবে। এরপর ধাপে ধাপে পুরোদমে উৎপাদনে যাওয়া হবে।


সূত্র জানায়, হরমুজ প্রণালী এড়িয়ে এক লাখ টন ক্রুড অয়েলের চালান নিয়ে ‘এমটি নিনেমিয়া’ নামের জাহাজটি গত বুধবার দুপুরে কুতুবদিয়া চ্যানেলে পৌঁছায়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর এটিই দেশে আসা প্রথম ক্রুড অয়েলের চালান।


২৪৯ দশমিক ৯৫ মিটার দীর্ঘ জাহাজটি কর্ণফুলী নদী হয়ে বন্দরের ডলফিন জেটিতে ভিড়তে না পারায় নিয়ম অনুযায়ী ছোট ট্যাংকার জাহাজের মাধ্যমে লাইটারিং করে তেল খালাস করা হচ্ছে।


মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর আগে সর্বশেষ গত ১৮ ফেব্রুয়ারি ক্রুড অয়েলের চালান দেশে পৌঁছেছিল।


পরবর্তীতে মজুত শেষ হয়ে যাওয়ায় গত ১২ এপ্রিল ইস্টার্ন রিফাইনারির ক্রুড অয়েল ডিস্টিলেশন ইউনিট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।


বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর আমদানি করা ক্রুড অয়েল পরিবহনের দায়িত্বে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)-এর ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক বলেন, নিরাপদে ‘এমটি নিনেমিয়া’ দেশে পৌঁছেছে। কাস্টমস ও সার্ভেয়ার কোম্পানির আনুষ্ঠানিকতা শেষে লাইটারিং কার্যক্রম শুরু হয়েছে।


তিনি আরও জানান, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে আরও এক লাখ টন ক্রুড অয়েল আনতে ‘এমটি ফসিল’ নামের একটি ট্যাংকার পাঠানো হয়েছে। জাহাজটি আগামী ৯ মে বন্দরে পৌঁছাবে।


১০ মে তেল লোড করে এটি পুনরায় বাংলাদেশের উদ্দেশে যাত্রা করবে।


এদিকে ‘নর্ডিকস পলাক্স’ নামের আরেকটি জাহাজে বিপিসির এক লাখ টন অপরিশোধিত তেল রয়েছে। তবে হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় জাহাজটি সৌদি আরবের পূর্বাঞ্চলের রাস তানুরা বন্দরে আটকা পড়ে আছে।


ইস্টার্ন রিফাইনারি বছরে প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধন করে, যা দেশের বার্ষিক ৭২ লাখ টন চাহিদার প্রায় ২০ শতাংশ পূরণ করে।


দেশে জ্বালানি চাহিদার মধ্যে ডিজেলের ব্যবহার সবচেয়ে বেশি। এরপর রয়েছে ফার্নেস অয়েল, পেট্রোল, অকটেন, কেরোসিন ও বিমান চলাচলে ব্যবহৃত জেট ফুয়েল।


২০২৪–২০২৫ অর্থবছরে বিপিসি মোট ৬৮ লাখ ৩৫ হাজার ৩৪১ টন জ্বালানি বিক্রি করেছে।


সম্পর্কিত খবর