জাতীয়
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামী মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এই সফরকে ঘিরে বিশ্ববিদ্যালয়জুড়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
জানা গেছে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হবে দিনব্যাপী কর্মশালা— ‘Transforming Higher Education in Bangladesh: Roadmap to Sustainable Excellence’। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর সাবেক শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম আনুষ্ঠানিক সফর।
এর আগে সর্বশেষ গত বছরের ২৭ ডিসেম্বর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করতে যান। তার দুই দিন আগে, ২৫ ডিসেম্বর, দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরেন তিনি।
তারেক রহমান ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। পরে বিভাগ পরিবর্তন করে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যয়ন শুরু করেন। তিনি স্যার সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।
তবে সে সময় দেশের রাজনৈতিক অস্থিরতা, স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদবিরোধী আন্দোলন এবং দীর্ঘ সেশনজটের কারণে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাঁর পড়াশোনা সম্পন্ন করা সম্ভব হয়নি।
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এই সফর দেশের উচ্চশিক্ষা উন্নয়ন নিয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা ও দিকনির্দেশনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।







