জাতীয়

লঘুচাপের শঙ্কা, সারাদেশে ঝড়বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

লঘুচাপের শঙ্কা, সারাদেশে ঝড়বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস- খবরের থাম্বনেইল ফটো

বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশের সব বিভাগেই আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টি, দমকা হাওয়া এবং কোথাও কোথাও ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।


রোববার (১০ মে) সকালে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


আবহাওয়া অফিস জানায়, বর্তমানে পশ্চিমা লঘুচাপের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সোমবার (১১ মে) নাগাদ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।


এ অবস্থায় আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে এবং এর পরদিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে।


এরপর সারাদেশে আবারও বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে।


তাপমাত্রা প্রসঙ্গে আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। আগামীকাল সোমবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। মঙ্গলবার (১২ মে) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেলেও দেশের অন্যান্য অঞ্চলে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এরপরের কয়েকদিন তাপমাত্রা স্থিতিশীল থাকতে পারে বলেও জানানো হয়।


সম্পর্কিত খবর