বাণিজ্য
বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাওয়ায় বিশ্ববাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। ভূরাজনৈতিক অস্থিরতা এবং ডলারের দুর্বলতার কারণে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন বলে জানিয়েছে রয়টার্স।
শনিবার (৯ মে) বাংলাদেশ সময় বিকাল ৫টা ৪৫ মিনিটে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ০.৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭১৯ দশমিক ৬৮ ডলারে পৌঁছায়। ফলে চলতি সপ্তাহে মোট মূল্যবৃদ্ধি দাঁড়িয়েছে ২.৩ শতাংশে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারও ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭৩০ দশমিক ৭০ ডলারে লেনদেন শেষ করে।
সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার সম্ভাবনা ২২ শতাংশ থেকে কমে ১৪ শতাংশে নেমে এসেছে।
বিশ্লেষকদের মতে, ইরান পরিস্থিতি নিয়ে উত্তেজনা কিছুটা কমার ইঙ্গিত এবং তেলের দামের পতনে মূল্যস্ফীতি ও উচ্চ সুদের হার নিয়ে উদ্বেগ হ্রাস পেয়েছে। এতে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ভবিষ্যতে সুদের হার কমাতে পারে—এমন প্রত্যাশা তৈরি হয়েছে।
বিশ্লেষক ডেভিড মেগার বলেন, স্বর্ণ এখন কিছুটা ঝুঁকিপূর্ণ সম্পদের মতো আচরণ করছে। যুদ্ধ পরিস্থিতি শিথিল হওয়ার সম্ভাবনা এবং তেলের দাম কমার কারণে বাজারে এই পরিবর্তন দেখা যাচ্ছে।







