জাতীয়

সহিংসতার রাজনীতি বন্ধে তারেক রহমানকেই দায়িত্ব নিতে হবে: আখতার হোসেন

ডেস্ক

শেয়ারঃ

সহিংসতার রাজনীতি বন্ধে তারেক রহমানকেই দায়িত্ব নিতে হবে: আখতার হোসেন- খবরের থাম্বনেইল ফটো

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের প্রার্থী আখতার হোসেন বলেছেন, সারা দেশে যে সহিংসতার রাজনীতি শুরু হয়েছে, তা অবিলম্বে বন্ধ করতে হবে। এ ক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেই প্রধান ভূমিকা ও দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেন তিনি।


বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রংপুর জেলার কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের খোপাতি গ্রামে ‘শাপলা কলি’ প্রতীকের নির্বাচনী উঠান বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।


নিজ দলীয় নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে আখতার হোসেন বলেন, ‘রংপুর-৪ আসনে বিএনপির প্রতি জনগণের কোনো সমর্থন নেই। সে কারণেই তারা সাধারণ মানুষসহ এনসিপি ও জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলার পথ বেছে নিয়েছে।’


আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। পীরগাছার ইটাকুমারি মমিন বাজারে এনসিপির সমর্থক ও জামায়াত নেতা-কর্মীদের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় জড়িত বিএনপি কর্মীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’


বিএনপির তীব্র সমালোচনা করে আখতার হোসেন বলেন, ২০১৮ সালে নোয়াখালীর সুবর্ণচরে এক নারী যেভাবে নির্যাতনের শিকার হয়েছিলেন, বর্তমান পরিস্থিতির মাধ্যমে বিএনপি সেই কলঙ্কিত অধ্যায়ের পুনরাবৃত্তি ঘটাতে চাইছে। নির্বাচনী মাঠে তারা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে এবং নারীদের শ্লীলতাহানির মতো ঘৃণ্য হুমকি দিচ্ছে, যা গুরুতর অপরাধ। তিনি বিএনপির শীর্ষ নেতৃত্বকে সংযত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আওয়ামী লীগের পুরনো স্টাইলে নয়, নতুন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে নির্বাচনী প্রচারণা চালান। আমরা আর ফ্যাসিবাদ বা পেশিশক্তির রাজনীতিতে ফিরে যেতে চাই না। নতুন বাংলাদেশে সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের কোনো স্থান নেই।’


নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে যে ব্যাপক সাড়া পাচ্ছি, তাতে আমরা আশাবাদী। আগামী ১২ তারিখ কাউনিয়া ও পীরগাছা আসনে ‘শাপলা কলি’ প্রতীক বিপুল ব্যবধানে জয়ী হবে ইনশাআল্লাহ।’


উক্ত উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কাউনিয়া উপজেলা আমির আব্দুস সালাম সরকার, এনসিপির রংপুর জেলার যুগ্ম সমন্বয়ক আবু রেজা, এবং কাউনিয়া উপজেলা প্রধান সমন্বয়ক সাইদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।


সম্পর্কিত খবর