বাণিজ্য

হজের খরচ ৫–৬ লাখ টাকায় নামিয়ে আনা সম্ভব: হাব সভাপতি

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

হজের খরচ ৫–৬ লাখ টাকায় নামিয়ে আনা সম্ভব: হাব সভাপতি- খবরের থাম্বনেইল ফটো

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার বলেছেন, কার্যকর ব্যবস্থাপনা ও মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণ করা গেলে হজের মোট খরচ ৫ থেকে ৬ লাখ টাকার মধ্যে নামিয়ে আনা সম্ভব।


শনিবার সকালে রাজধানীর আশকোনার হাজি ক্যাম্পে হজ যাত্রার সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।


হাব সভাপতি জানান, আগামী ২০২৭ সালের মধ্যে বিমান টিকিটের দাম কমে প্রায় ১ লাখ টাকায় নেমে আসতে পারে। তার মতে, বিমান ভাড়া কমানো এবং দালালচক্র নিয়ন্ত্রণে আনতে পারলে হজের ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে।


এ সময় হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, মোয়াল্লেম চুক্তি, বাড়ি ভাড়া, পরিবহন ব্যবস্থা ও তাঁবু ব্যবস্থাপনা—সব কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যেই সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। তিনি জানান, নানা চ্যালেঞ্জ থাকলেও হজ ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, হজ অফিস ও হাবের সমন্বিত সহযোগিতায় সার্বিক প্রস্তুতি সন্তোষজনক।


চলতি হজ মৌসুমে প্রথম হজ ফ্লাইট গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে ৪১৮ জন যাত্রী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে যাত্রা করে। প্রথম ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।


হজ অফিসের তথ্য অনুযায়ী, এ বছর মোট ৭৮ হাজার ৫০০ জন বাংলাদেশি হজ পালন করবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজে যাচ্ছেন।


চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং ৩০ জুন শেষ ফ্লাইটের মাধ্যমে হজযাত্রীদের দেশে ফেরার কার্যক্রম সম্পন্ন হবে।


সম্পর্কিত খবর