জাতীয়
রোববার রাত থেকে ১৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে কয়েকটি এলাকায়

গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে দেশের কয়েকটি এলাকায় আগামী রোববার (১৭ মে) রাত থেকে টানা ১৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার (১৬ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৭ মে রাত ১১টা থেকে ১৮ মে বিকেল ৫টা পর্যন্ত আমিনবাজার ডিআরএস থেকে নবীনগর পর্যন্ত মহাসড়কের উভয় পাশের বিভিন্ন এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এর মধ্যে রয়েছে বলিয়ারপুর, হেমায়েতপুর, চামড়া শিল্পনগরী, সিংগাইর রোড, ফুলবাড়িয়া, নবীনগর, সাভার পৌর এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া বাজার, গৌরীপুর, কুমকুমারী, রাজাশন, কলমা এবং আশপাশের এলাকা।
এ ছাড়া সংশ্লিষ্ট এলাকার আশেপাশে গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে বলেও জানানো হয়েছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।







