জাতীয়

বিরোধীদলীয় নেতার সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক

শেয়ারঃ

বিরোধীদলীয় নেতার সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ- খবরের থাম্বনেইল ফটো

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লোহ।


সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


সাক্ষাৎকালে হাইকমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মাইকেল লি সাউথ এবং দক্ষিণ এশিয়ার কান্ট্রি ডিরেক্টর তাই দায়ে আর্ন। বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।


আলোচনায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প ও বাণিজ্যের উন্নয়ন, জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী গণতান্ত্রিক অগ্রগতি, গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।


হাইকমিশনার ডেরেক লোহ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে তিনি বলেন, বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে এবং ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


সাক্ষাৎ শেষে উভয় পক্ষই পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়ন এবং গণতান্ত্রিক অগ্রগতি বিষয়ে একমত হন। এ সময় হাইকমিশনার বিরোধীদলীয় নেতাকে সিঙ্গাপুর সফরের আমন্ত্রণ জানান।


সাক্ষাৎকালে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম (আরমান) উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর