জাতীয়
সিলেট সীমান্তে বিজিবি-বিএসএফের গোলাগুলি, সতর্ক অবস্থানে সীমান্তরক্ষী বাহিনী

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি ছোড়ার ঘটনায় তাৎক্ষণিক পাল্টা গুলি চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে বিজিবি।
মঙ্গলবার (১৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সোমবার সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সোনারহাট সীমান্ত এলাকায় বিএসএফের গুলি ছোড়ার পর বিজিবি দ্রুত ও কঠোর প্রতিক্রিয়া জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির পেশাদার ও দৃঢ় পদক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত ও স্থিতিশীল রয়েছে।
ঘটনার পরপরই সোনারহাট সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। যেকোনো উসকানিমূলক বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বাহিনীটি।
বিজিবি জানায়, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় তারা সর্বোচ্চ পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
এদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও সীমান্তবর্তী বাসিন্দাদের অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং সীমান্ত এলাকায় অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।








