জাতীয়
‘সেবা নেই, বিল নেই’ নীতিসহ নাগরিক সুবিধা নিশ্চিতের প্রতিশ্রুতি
ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার ৬ দফা নির্বাচনী ইশতেহার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা গ্যাস সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়নসহ ছয় দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। শনিবার বিকেলে রাজধানীর খিলগাঁও মডেল কলেজ মাঠে আয়োজিত এক সভায় তিনি এ ইশতেহার ঘোষণা করেন।
ইশতেহার ঘোষণাকালে তাসনিম জারা বলেন, নির্বাচিত হলে সংসদে এসব বিষয়ে প্রয়োজনীয় আইন প্রণয়নের উদ্যোগ নেবেন এবং এলাকার জনগণের কাছে নিজের জবাবদিহির একটি কাঠামো গড়ে তুলবেন। নিজেকে এলাকার একজন সাধারণ বাসিন্দা হিসেবে উল্লেখ করে তিনি ফুটবল প্রতীকে ভোট চান।
গ্যাস ও নাগরিক সেবা
ইশতেহারে গ্যাস সংকটকে অন্যতম প্রধান সমস্যা হিসেবে উল্লেখ করে তাসনিম জারা বলেন, গ্যাস সরবরাহ না থাকলে মাসিক বিল আদায় করা যাবে না। এ লক্ষ্যে তিনি সংসদে ‘নো সার্ভিস, নো বিল’ নীতির পক্ষে আইন প্রস্তাব উত্থাপনের কথা জানান।
পাশাপাশি পাইপলাইনে গ্যাস সরবরাহে ব্যর্থতার কারণে সরকারকে ন্যায্যমূল্যে এলপিজি সিলিন্ডার সরবরাহে বাধ্য করার উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন তিনি। এলপিজি বাজারে সিন্ডিকেট ভাঙতে কঠোর অবস্থান নেওয়ার কথাও জানান এই স্বতন্ত্র প্রার্থী।
বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে বর্ষা মৌসুমের আগেই ড্রেন পরিষ্কার, বাসাবাড়ির সামনে ময়লা জমতে না দেওয়া এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালুর প্রতিশ্রুতি দেন তিনি। সড়ক খোঁড়াখুঁড়ির পর নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না করলে সংশ্লিষ্ট ঠিকাদারকে জরিমানার আওতায় আনার কথাও বলেন তাসনিম জারা।
স্বাস্থ্য খাতে সংস্কার
স্বাস্থ্য খাতে মুগদা হাসপাতালের সেবার মান উন্নয়ন, চিকিৎসক সংকট নিরসন এবং অব্যবস্থাপনা দূর করতে কর্তৃপক্ষকে জবাবদিহির আওতায় আনার প্রতিশ্রুতি দেন তিনি। পাড়ার ক্লিনিকগুলোকে আধুনিক যন্ত্রপাতিসহ ‘মিনি হাসপাতাল’-এ রূপান্তরের পরিকল্পনার কথাও জানান।
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে স্থায়ী মশা নিধন স্কোয়াড গঠনের ঘোষণা দেন তাসনিম জারা। পাশাপাশি নারীস্বাস্থ্য সেবার অংশ হিসেবে সরকারি স্থাপনায় গর্ভবতী মায়েদের জন্য নিয়মিত চিকিৎসা, ব্রেস্টফিডিং স্পেস ও নারীবান্ধব টয়লেট নিশ্চিত করার অঙ্গীকার করেন।
মাদক ও নিরাপত্তা
মাদক ও অপরাধ দমনে ‘মাদক নয়, আলো চাই’ স্লোগান তুলে ধরে তাসনিম জারা বলেন, তরুণদের জন্য সুস্থ বিনোদন ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের সুযোগ সৃষ্টি করা হবে। মাদক ব্যবসায়ীদের রাজনৈতিক প্রশ্রয় দেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন।
এলাকার নিরাপত্তা বাড়াতে স্কুল, গার্মেন্টস এলাকা ও গুরুত্বপূর্ণ স্থানে ল্যাম্পপোস্ট ও সিসি ক্যামেরা স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি।
শিক্ষা ও কর্মসংস্থান
শিক্ষা খাতে সংস্কারের অংশ হিসেবে তাসনিম জারা বলেন, স্কুল ভর্তিতে এমপির কোটা বা সুপারিশ বাতিল করে মেধা ও স্বচ্ছতাকে একমাত্র মানদণ্ড করা হবে। পাশাপাশি আধুনিক বিজ্ঞানাগার, কোডিং ক্লাব ও লাইব্রেরি স্থাপনের প্রতিশ্রুতি দেন তিনি।
অর্থনৈতিক কর্মসংস্থানের ক্ষেত্রে তরুণ উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ, স্টার্ট-আপ ফান্ড চালু এবং কর্মজীবী মায়েদের জন্য প্রতিটি ওয়ার্ডে কমিউনিটি ডে-কেয়ার সেন্টার স্থাপনের কথাও ইশতেহারে উল্লেখ করা হয়।
জবাবদিহির অঙ্গীকার
নির্বাচিত হলে এক মাসের মধ্যে এলাকায় একটি স্থায়ী কার্যালয় চালু করা হবে এবং নাগরিক অভিযোগ নিষ্পত্তির অগ্রগতি জানাতে একটি ডিজিটাল ওপেন ড্যাশবোর্ড চালুর ঘোষণাও দেন তাসনিম জারা।








