জাতীয়

‘দুর্যোগ ব্যবস্থাপনায় জনগণের আস্থা অর্জন করেছে আনসার-ভিডিপি’

ডেস্ক

শেয়ারঃ

‘দুর্যোগ ব্যবস্থাপনায় জনগণের আস্থা অর্জন করেছে আনসার-ভিডিপি’- খবরের থাম্বনেইল ফটো

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দুর্যোগ ব্যবস্থাপনায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) বর্তমানে একটি নির্ভরযোগ্য স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে জনগণের আস্থা অর্জন করেছে।


বুধবার (২০ মে) গাজীপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।


তারেক রহমান বলেন, সাহসিকতা, দায়বদ্ধতা ও মানবিকতায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এই বাহিনীর সদস্যরা। পাশাপাশি রেইন ওয়াটার হারভেস্টিং, সোলার প্যানেল ও বায়োগ্যাস প্লান্ট ব্যবস্থাপনার মতো পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণের মাধ্যমে তারা টেকসই উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।


তিনি আরও বলেন, দেশের যেকোনো প্রয়োজনে এই বাহিনীর সদস্যদের সময়োপযোগী ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনসার ও ভিডিপির দায়িত্বশীল ভূমিকার জন্য তিনি বাহিনীর সব সদস্যকে অভিনন্দন জানান।


তারেক রহমান বলেন, দীর্ঘ সময় ধরে রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশ এখন গণতান্ত্রিক পথে অগ্রসর হচ্ছে। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে কাজ চলছে।


তিনি আরও বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চিন্তাধারার আলোকে গড়ে ওঠা এই বাহিনী দেশের প্রান্তিক পর্যায় পর্যন্ত সুরক্ষা ও উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


তিনি বলেন, দেশের শিল্পকারখানা, হাসপাতাল ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করতে ৫২ হাজারের বেশি অঙ্গীভূত আনসার সদস্য নিরলসভাবে কাজ করছেন। পাশাপাশি বৃক্ষরোপণ, খাল খনন, দুর্যোগকালীন সহায়তা, পানিসম্পদ ব্যবস্থাপনা এবং খাদ্য নিরাপত্তা ও পুনর্বাসন কার্যক্রমে আনসার-ভিডিপির অবদান আরও সম্প্রসারণ করা সম্ভব।


সম্পর্কিত খবর