জাতীয়
ঈদে ফিরতি ট্রেনযাত্রা: আজ বিক্রি ১ জুনের টিকিট

পবিত্র ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের কর্মস্থলে ফেরে নির্বিঘ্ন করতে ফিরতি যাত্রার জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।
আজ শুক্রবার (২২ মে) বিক্রি করা হচ্ছে আগামী ১ জুনের ফিরতি ট্রেনের টিকিট।
যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। বিশেষ ব্যবস্থায় বিক্রি হওয়ায় কোনো টিকিট রিফান্ড করার সুযোগ থাকছে না।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রী সাধারণের টিকেট ক্রয় সহজলভ্য করার লক্ষ্যে পশ্চিমাঞ্চলে চলাচলরত সকল আন্তঃনগর ট্রেনের টিকেট সকাল ৮টা হতে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সকল আন্তঃনগর ট্রেনের টিকেট দুপুর ২টা হতে বিক্রি করা হবে।
রেলওয়ের নেয়া কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, আন্তঃনগর ট্রেনের ২ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২৩ মে, ৩ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২৪ মে এবং ৪ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২৫ মে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী উল্লিখিত ঈদ অগ্রিম যাত্রা ও ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকেট ক্রয় করতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক চারটি টিকেট ক্রয় করতে পারবে। ঈদ অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না। যাত্রী সাধারণের অনুরোধে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকেট স্টেশন কাউন্টার থেকে বিক্রয় করা হবে।







