জাতীয়
থানায় গিয়েও মামলা নিতে চায়নি পুলিশ: নাসীরুদ্দীন পাটওয়ারী

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী-র ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ মে) জুমার নামাজ শেষে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন তিনি।
নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, বিচার চেয়ে থানায় গেলেও পুলিশ তার মামলা গ্রহণ করছে না। তিনি লেখেন, “বিচারের আশায় থানায় এসেছি, কিন্তু মামলা গ্রহণ করা হচ্ছে না।”
এর আগে দেওয়া আরেক পোস্টে তিনি জানান, ঝিনাইদহে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের বাসভবনের বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে বের হওয়ার পর ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতেই হামলা চালায়।
তার অভিযোগ, প্রথমে ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। পরে হকিস্টিক দিয়ে হামলা চালানো হয়। এতে তিনজনের মাথা ফেটে যায় এবং আরও কয়েকজন আহত হন। তাকেও কিল-ঘুষি মারা হয়েছে বলে দাবি করেন তিনি।
এনসিপির এই নেতা আরও অভিযোগ করেন, হামলাকারীরা মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে।
ঘটনার পর তারা থানায় অবস্থান করছেন এবং মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান। পাশাপাশি থানার সামনে আবারও হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।







