বাণিজ্য

১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘এমটি ফসিল’

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘এমটি ফসিল’- খবরের থাম্বনেইল ফটো

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে এক লাখ টন অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) নিয়ে ‘এমটি ফসিল’ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। পানামার পতাকাবাহী জাহাজটি আজ ভোরে বন্দরে নোঙর করে।


ইস্টার্ন রিফাইনারির মহাব্যবস্থাপক (অপারেশন অ্যান্ড প্ল্যানিং) মোস্তাফিজুর রহমান জানান, জাহাজটি ভোরে চট্টগ্রাম বন্দরে পৌঁছায় এবং সকাল সাড়ে ১০টার দিকে লাইটারিং প্রক্রিয়ার মাধ্যমে তেল খালাস শুরু হয়।


এর আগে গত ৬ মে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে ‘এমটি নিনোমিয়া’ নামের আরেকটি অয়েল ট্যাংকার কুতুবদিয়া চ্যানেলে নোঙর করেছিল। মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর দীর্ঘ বিরতির পর বিকল্প রুটে এই তেল আমদানি করা হয়।


এরও আগে, যুদ্ধ শুরুর আগে ২৮ ফেব্রুয়ারি এক লাখ টন অপরিশোধিত তেল আমদানি করা হয়েছিল।


বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অধীনস্থ একমাত্র রাষ্ট্রায়ত্ত শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে ক্রুড অয়েল থেকে এলপিজি, পেট্রল, অকটেন, কেরোসিন, ডিজেল ও ফার্নেসসহ ১৬ ধরনের পেট্রোলিয়াম পণ্য উৎপাদন করা হয়।


রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ইয়ানবু বন্দরে বিপিসির জন্য আরও একটি জাহাজে প্রায় এক লাখ টন ক্রুড অয়েল ৩০ মে লোড করার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে।


ইস্টার্ন রিফাইনারি বছরে প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধন করে, যা দেশের বার্ষিক প্রায় ৭২ লাখ টন চাহিদার প্রায় ২০ শতাংশ। দেশের মোট চাহিদার প্রায় ৯২ শতাংশ জ্বালানি তেল আমদানি করতে হয়, আর বাকি ৮ শতাংশ স্থানীয় উৎস ও কনডেনসেট প্রক্রিয়াজাতকরণ থেকে আসে।


সম্পর্কিত খবর