জাতীয়

চট্টগ্রাম বন্দর এলাকায় এক মাস মিছিল–সমাবেশ নিষিদ্ধ

ডেস্ক

শেয়ারঃ

চট্টগ্রাম বন্দর এলাকায় এক মাস মিছিল–সমাবেশ নিষিদ্ধ- খবরের থাম্বনেইল ফটো

চট্টগ্রাম বন্দর এলাকায় এক মাসের জন্য মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধন ও পথসভা নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। শনিবার (৩১ জানুয়ারি) রাতে সিএমপি কমিশনার হাসিব আজিজের সই করা এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।


গণবিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র এবং ‘১ক’ শ্রেণিভুক্ত একটি গুরুত্বপূর্ণ কেপিআই স্থাপনা। দেশের মোট আমদানি ও রফতানির সিংহভাগ কার্যক্রম এই বন্দরের মাধ্যমে সম্পন্ন হয়। প্রতিদিন প্রায় ৫ থেকে ৬ হাজার ট্রাক, কাভার্ডভ্যান ও প্রাইম মুভার বন্দরের আশপাশে চলাচল করে, যার ফলে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


সিএমপির পক্ষ থেকে জানানো হয়, বন্দর এলাকায় যেকোনো ধরনের মিছিল বা সমাবেশের কারণে যানজট সৃষ্টি হয় এবং আমদানি–রফতানি কার্যক্রম ব্যাহত হয়। এতে জাতীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি তৈরি হতে পারে। এ প্রেক্ষাপটে জনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার স্বার্থে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ২৯ ও ৩০ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


নিষেধাজ্ঞার আওতায় চট্টগ্রাম বন্দর সংলগ্ন বারেক বিল্ডিং মোড়, নিমতলা মোড়, ৩ নম্বর জেটি গেট, কাস্টমস মোড়, সল্টগোলা ক্রসিংসহ আশপাশের এলাকায় অস্ত্রশস্ত্র, লাঠি, ইট-পাথর ও বিস্ফোরক দ্রব্য বহন ও ব্যবহারসহ যেকোনো ধরনের মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধন ও পথসভা নিষিদ্ধ থাকবে। এ নিষেধাজ্ঞা রোববার (১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিট থেকে আগামী ২ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।


তবে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা, মিছিল ও সমাবেশ এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।


চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করে শ্রমিক-কর্মচারী ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের আন্দোলনের প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছিল। এর আগেও একই ইস্যুতে গত বছরের ১১ অক্টোবর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত বন্দর এলাকায় মিছিল-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল সিএমপি।


উল্লেখ্য, এনসিটি ইজারা ইস্যুতে জাতীয়তাবাদী শ্রমিক দলের ডাকা আট ঘণ্টার ধর্মঘটে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম প্রায় অচল হয়ে পড়ে। একই ইস্যুতে রোববারও শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির ঘোষণা রয়েছে।


সম্পর্কিত খবর