জাতীয়

রামিসা হত্যার বিচারকাজ ৫–৭ দিনের মধ্যে শেষ করার আশা

ডেস্ক

শেয়ারঃ

রামিসা হত্যার বিচারকাজ ৫–৭ দিনের মধ্যে শেষ করার আশা- খবরের থাম্বনেইল ফটো

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় পাঁচ থেকে সাত দিনের মধ্যে বিচার শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে এটি সম্পূর্ণই আদালতের বিষয় বলে তিনি উল্লেখ করেন।


সোমবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “এটি আসলে সামাজিক অবক্ষয় ও মূল্যবোধের সংকট। সমাজে সংস্কারের প্রয়োজন রয়েছে। আমাদের ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের ভিত্তিতে ইতিবাচক সংস্কৃতি গড়ে তুলতে হবে। কিন্তু কিছু অপসংস্কৃতি সমাজে প্রভাব ফেলেছে। এর কারণে ধর্ষণের মতো অপরাধের মাত্রা ও সংখ্যা সহ্যসীমা ছাড়িয়ে যাচ্ছে।”


তিনি বলেন, “সরকার হিসেবে আমাদের দায়িত্ব হলো আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করা এবং দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করা। আমরা দ্রুততম সময়ে অপরাধীদের গ্রেপ্তারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।”


মন্ত্রী আরও বলেন, “গত তিন মাসে প্রতিটি ঘটনায় আমরা দ্রুত ব্যবস্থা নিতে সক্ষম হয়েছি, ইনশাআল্লাহ। ভবিষ্যতেও এ ধরনের ঘৃণ্য অপরাধে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”


রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আসামিকে সাত ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “আদালতে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ১৬৪ ধারায়। সেখানে তার সহযোগী হিসেবে তার স্ত্রীর নামও এসেছে, তাকেও গ্রেপ্তার করা হয়েছে।”


তিনি আরও জানান, দ্রুত ডিএনএ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং তিন দিনের মধ্যে রিপোর্ট পাওয়া গেছে। ময়নাতদন্ত প্রতিবেদনও ইতোমধ্যে হাতে এসেছে।


তিনি বলেন, “সব তথ্য-প্রমাণ একত্র করে চার্জশিট প্রস্তুতের কাজ সম্পন্ন হয়েছে। আজই তা আদালতে দাখিল করা হবে। আদালত ছুটিতে থাকলেও বিশেষ ব্যবস্থায় বিচার কার্যক্রম চালানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।”


মন্ত্রী জানান, এ মামলার জন্য একজন বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) নিয়োগ করা হয়েছে। সবকিছু বিবেচনায় নিয়ে আশা করা হচ্ছে, পাঁচ থেকে সাত দিনের মধ্যেই বিচার কার্যক্রম শেষ হতে পারে।


এ সময় আরও বক্তব্য দেন পিআইডির প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ। সংলাপে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।


সম্পর্কিত খবর