জাতীয়

বেকার ভাতা নয়, মর্যাদার কর্মসংস্থান চায় যুবসমাজ: জামায়াত আমীর

ডেস্ক

শেয়ারঃ

বেকার ভাতা নয়, মর্যাদার কর্মসংস্থান চায় যুবসমাজ: জামায়াত আমীর- খবরের থাম্বনেইল ফটো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, বেকার ভাতা দিয়ে যুবসমাজকে নির্ভরশীল ও অপমানিত করার কোনো পরিকল্পনা জামায়াতে ইসলামীর নেই। তিনি বলেন, দেশের যুবসমাজ ভিক্ষানির্ভর সহায়তা চায় না; তারা নিজেদের যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী মর্যাদাসম্পন্ন কর্মসংস্থান প্রত্যাশা করে।


রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুর শহরের শহীদ দারোগ আলী পৌর পার্কে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


জামায়াত আমীর বলেন, “আমরা ক্ষমতায় গেলে যুবকদের হাতে বেকার ভাতা তুলে দিতে চাই না। আমরা চাই, প্রতিটি যুবক হোক দেশ গড়ার একজন কারিগর। তাদের যোগ্যতা অনুযায়ী কাজের সুযোগ সৃষ্টি করে দিতে চাই।”


তিনি আরও বলেন, যুবসমাজের মধ্যে যে অদম্য শক্তি ও সৃজনশীলতা রয়েছে, তা সঠিকভাবে কাজে লাগানো গেলে বাংলাদেশকে আত্মনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করা সম্ভব। “আমরা কাজ হাতে তুলে দিয়ে বলব—দেশটা তোমাদের, তোমরাই বাংলাদেশ,” বলেন তিনি।


ডা. শফিকুর রহমান বলেন, টেকসই উন্নয়নের জন্য সাময়িক ভাতা নয়, বরং উৎপাদনমুখী অর্থনীতি, কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়নই হতে পারে দীর্ঘমেয়াদি সমাধান। যুবসমাজকে কাজের সুযোগ না দিয়ে ভাতা নির্ভর করে রাখলে জাতির ভবিষ্যৎ দুর্বল হয়ে পড়বে বলেও তিনি মন্তব্য করেন।


জনসভায় স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ, দলীয় কর্মী-সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর