জাতীয়
এপস্টেইনের নথিতে যেভাবে আসে বিএনপি নেতা মিন্টুর নাম

বিশ্বজুড়ে আলোচিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনকে ঘিরে প্রকাশিত কয়েক মিলিয়ন পৃষ্ঠার নথিতে উঠে এসেছে বাংলাদেশের এক বিএনপি নেতার নাম। তিনি ফেনী-৩ (দাগনভূঞা–সোনাগাজী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
প্রকাশিত নথিগুলো মূলত যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর সাবেক গভর্নর বিল রিচার্ডসনের নির্বাচনী প্রচারণার অর্থায়ন সংক্রান্ত। এসব নথিতে এপস্টেইনের রাজনৈতিক যোগাযোগ, অর্থ প্রদানের ধরণ এবং তার প্রভাববলয়ের বিস্তৃত চিত্র উঠে আসে।
নথি অনুযায়ী, জেফরি এপস্টেইন বিল রিচার্ডসনের নির্বাচনী প্রচারণার একজন শীর্ষ দাতা ছিলেন। তিনি ওই তহবিলে ৫০ হাজার মার্কিন ডলার অনুদান প্রদান করেন।
একই দাতার তালিকায় বাংলাদেশের ব্যবসায়ী ও বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টুর নামও অন্তর্ভুক্ত রয়েছে। নথিতে দেখা যায়, তিনি ওই নির্বাচনী তহবিলে ৫ হাজার মার্কিন ডলার অনুদান দেন। সেখানে তাকে ‘বাংলাদেশের ব্যবসায়ী’ হিসেবে উল্লেখ করা হয়েছে। একই রাজনৈতিক নেতার প্রচারণায় অর্থ প্রদান করায় এপস্টেইন ও মিন্টু—উভয়ের নাম একই নথিতে স্থান পায়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনে বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবদুল আউয়াল মিন্টু। তিনি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার আলাইয়াপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা প্রয়াত হাজী সফি উল্যাহ রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং পরবর্তীতে দাগনভূঞা উপজেলার প্রথম দুই মেয়াদে উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পারিবারিকভাবে তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি ও স্থানীয় নেতৃত্বের সঙ্গে যুক্ত।
আবদুল আউয়াল মিন্টু ব্যবসায়িক অঙ্গনেও পরিচিত ব্যক্তিত্ব। তিনি এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এবং মাল্টিমোড গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।








