জাতীয়
নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে এক লাখ সেনা মোতায়েন: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে এক লাখ সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সেনাবাহিনীর পাশাপাশি দেড় লাখ পুলিশ সদস্য, পাঁচ হাজার নৌবাহিনী সদস্য, ৩৭ হাজার বিজিবি সদস্য, ১০ হাজার র্যাব সদস্য, পাঁচ হাজার কোস্টগার্ড এবং প্রায় ছয় লাখ আনসার সদস্য নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবেন।
তিনি বলেন, নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করলে নির্বাচন সুষ্ঠু হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, উপকূলীয় এলাকাগুলোতে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যসংখ্যা বাড়ানো হয়েছে। এবারের নির্বাচনে বিএনসিসি সদস্যদেরও দায়িত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি বডি ক্যামেরা ব্যবহার, সিসি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারি জোরদার করা হবে। অপরাধ করে কেউ যাতে পার না পায় সে বিষয়ে কঠোর অবস্থানের কথাও জানান তিনি।
তিনি দাবি করেন, পূর্বে পূজামণ্ডপে ‘সুরক্ষা অ্যাপ’ ব্যবহারের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়েছে। একই ব্যবস্থাপনায় নির্বাচনও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মতবিনিময় সভায় স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, বরিশাল বিভাগের ছয় জেলার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








