জাতীয়
গোপালগঞ্জে মামুনুল হক
ভোট দিয়ে ঘরে ফিরে নিশ্চিন্তে বসে থাকলে চলবে না: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক ভোটারদের উদ্দেশে বলেছেন, ভোট প্রদান শেষে ঘরে ফিরে নিশ্চিন্তে বসে থাকলে চলবে না। ভোটকেন্দ্রে সার্বিক পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখতে হবে, যাতে কোনো ধরনের ভোট জালিয়াতি বা অনিয়ম ঘটতে না পারে।
সোমবার দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ শহরের এসএস বাইপাস সড়কে সম্মিলিত জেলা কার্যালয়ের সামনে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, কেউ যদি ভোট চুরি বা ব্যালট জালিয়াতির চেষ্টা করে, তাহলে তাৎক্ষণিকভাবে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “কেন্দ্রে ভোট দিয়ে বাড়িতে ফিরে ঘুমিয়ে পড়বেন না। ভোটের ফলাফল সুরক্ষিত রাখতে প্রতিটি কেন্দ্রেই দায়িত্বশীলভাবে অবস্থান নিতে হবে।”
তিনি অভিযোগ করেন, বিভিন্ন এলাকায় মৃত ও প্রবাসী ব্যক্তিদের নাম ভোটার তালিকায় ব্যবহার করে অনিয়মের চেষ্টা করা হচ্ছে। অতীতের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, আগেও মৃত ব্যক্তির নামে ভোট দেওয়ার অভিযোগ উঠেছে। এ ধরনের পরিস্থিতি ঠেকাতে ভোটারদের সচেতন ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।
১১–দলীয় জোট সম্পর্কে মামুনুল হক বলেন, এই জোট কোনো ব্যক্তি বা বিশেষ গোষ্ঠীকে ক্ষমতায় বসানোর জন্য গঠিত হয়নি। বরং দেশের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই এই জোটের মূল লক্ষ্য।
নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। ১১–দলীয় জোটের প্রার্থীদের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় তাদের অগ্রযাত্রা ঠেকাতে সন্ত্রাস ও ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। নির্বাচন কমিশন এসব বিষয়ে কার্যকর ভূমিকা না নিলে নতুন বাংলাদেশের প্রত্যাশা ব্যাহত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
পথসভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব শরাফাত হোসাইন, গোপালগঞ্জ-২ (সদর ও কাশিয়ানীর একাংশ) আসনের ১১–দলীয় জোট প্রার্থী শুয়াইব ইব্রাহিম এবং গোপালগঞ্জ-৩ আসনের প্রার্থী আব্দুল আজিজ।








