জাতীয়
“আমি নিশ্চিত জিতব, এমন কেউ নেই”: ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের দলটির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, ভোটের আগে কেউ নিশ্চিতভাবে জয়ের কথা বলতে পারে না। তিনি বলেন, “৭৭ সাল থেকে আমি এ এলাকায় নির্বাচনে অংশ নিচ্ছি। একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হয়ে এখনও বলতে পারি না যে আমি নিশ্চিত জয়ী হবো। অথচ, যারা কখনও নির্বাচনে অংশগ্রহণ করেনি, জনসম্পৃক্ত নয়, এলাকায় পরিচিত নয়, উন্নয়ন কর্মকাণ্ডে কখনও জড়িত হয়নি—তারা কীভাবে নিশ্চিত জিতবে?”
সোমবার রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতাল মসজিদে নামায শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন। বিকালে তিনি শাহজাহানপুর ইনকামট্যাক্স কলোনী ও আশপাশের মার্কেট এলাকায় ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে গণসংযোগ করেন। রাতেও তিনি স্থানীয়দের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগের পরিকল্পনা ঘোষণা করেন।
মির্জা আব্বাস আরও উল্লেখ করেন, “যারা বলে তারা জিতেই আছে, তাদের বক্তব্যে সন্দেহ আছে। নির্বাচনে কারচুপি বা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি থাকতে পারে।” এছাড়া তিনি আইডি হ্যাকের অভিযোগ প্রসঙ্গে বলেন, “হ্যাক হওয়া আইডি এত দ্রুত ফেরত পাওয়া সম্ভব, তা আমি জানতাম না।”








