বাণিজ্য

বাংলাদেশ চায়না আপন মিডিয়া ক্লাব ও বিএইচআরএফ-এর মধ্যে সমঝোতা সই

ডেস্ক

শেয়ারঃ

বাংলাদেশ চায়না আপন মিডিয়া ক্লাব ও বিএইচআরএফ-এর মধ্যে সমঝোতা সই- খবরের থাম্বনেইল ফটো

বাংলাদেশ ও চীনের মধ্যে গণমাধ্যমভিত্তিক সহযোগিতা, তথ্য বিনিময় এবং পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ চায়না আপন মিডিয়া ক্লাব (বিসিএএমসি) এবং বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ)।


রাজধানীর বারিধারায় শনিবার আপন ফ্রেন্ডশিপ সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে দুই সংগঠনের প্রতিনিধিরা এই সমঝোতা স্মারকে সই করেন। চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক অলিভিয়া ছু এবং বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি প্রতীক ইজাজ।


সমঝোতা স্মারক অনুযায়ী, স্বাস্থ্য ও চিকিৎসাবিষয়ক সংবাদ, তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে দুই সংগঠন একটি তথ্য আদান-প্রদান ব্যবস্থা গড়ে তুলবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে পারস্পরিক সহযোগিতা, প্রশিক্ষণ বিনিময় এবং মেধাবী গণমাধ্যমকর্মীদের অন্য প্রতিষ্ঠানে কাজ বা ইন্টার্নশিপের জন্য সুপারিশের উদ্যোগ নেওয়া হবে।


চুক্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ ও চীনের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দুই সংগঠন যৌথ সাক্ষাৎকার, মিডিয়া প্রশিক্ষণ এবং অন্যান্য গণমাধ্যম কার্যক্রম পরিচালনা করবে। চীনবিষয়ক প্রতিবেদনে উৎসাহ দিতে যৌথভাবে বার্ষিক পুরস্কার প্রদানেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পুরস্কারের মাধ্যমে বাংলাদেশি সাংবাদিক ও গণমাধ্যম পেশাজীবীদের মধ্যে চীন ও বাংলাদেশ সম্পর্কে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধিতে অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া হবে।


এছাড়া, বাংলাদেশ ও চীনে আয়োজিত বিভিন্ন দ্বিপক্ষীয় অনুষ্ঠান, সম্মেলন ও গণমাধ্যমসংশ্লিষ্ট কার্যক্রমে অংশগ্রহণের জন্য বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের প্রতিনিধিদের সুপারিশ করবে বাংলাদেশ চায়না আপন মিডিয়া ক্লাব। দুই পক্ষ প্রয়োজন অনুযায়ী পৃথক প্রকল্প ও কর্মসূচি গ্রহণ করে সেগুলোর বাস্তবায়নে পৃথক চুক্তিও করতে পারবে।


স্বাগত বক্তব্যে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) বাংলা বিভাগের পরিচালক ইউ কুয়াং ইউয়ে আনন্দী বলেন, “চীন ও বাংলাদেশের মধ্যে স্বাস্থ্যখাতে সহযোগিতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গণমাধ্যমের কল্যাণে বাংলাদেশের মানুষ চীনের উন্নত চিকিৎসা ব্যবস্থা ও সুযোগ-সুবিধা সম্পর্কে আরও নিবিড়ভাবে জানতে পারছে। আশা করি, আজকের এই সমঝোতা স্মারক দুই দেশের মিডিয়া ও জনগণের স্বাস্থ্য সুরক্ষায় অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করবে।”


সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি প্রতীক ইজাজ বলেন, “বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাস্থ্য, প্রযুক্তি ও উন্নয়ন সহযোগিতা ক্রমেই বিস্তৃত হচ্ছে। গণমাধ্যম সেই সম্পর্ককে আরও গভীর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমরা বিশ্বাস করি, এই সমঝোতা স্মারকের মাধ্যমে দুই দেশের সাংবাদিকদের মধ্যে জ্ঞান, অভিজ্ঞতা ও তথ্য বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি হবে।”


তিনি আরও বলেন, “বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের প্রযুক্তিগত ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য সাংবাদিকতার মানোন্নয়ন, গবেষণাভিত্তিক প্রতিবেদন তৈরি এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে এই চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা আশা করি, ভবিষ্যতে দুই দেশের গণমাধ্যমকর্মীদের মধ্যে আরও নিবিড় সম্পর্ক গড়ে উঠবে।”


এ সময় বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক মুজাহিদ শুভ, অর্থ সম্পাদক আজাদুল আদনান, সাংগঠনিক সম্পাদক তবিবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর