বাণিজ্য

দেশে বাণিজ্য ও অবকাঠামো খাতে ব্রিটিশ-চীনা যৌথ বিনিয়োগের নতুন সম্ভাবনা

ডেস্ক

শেয়ারঃ

দেশে বাণিজ্য ও অবকাঠামো খাতে ব্রিটিশ-চীনা যৌথ বিনিয়োগের নতুন সম্ভাবনা- খবরের থাম্বনেইল ফটো

বাংলাদেশে আন্তর্জাতিক বাণিজ্য, প্রযুক্তি, অবকাঠামো উন্নয়ন এবং কৌশলগত বিনিয়োগ অংশীদারিত্ব সম্প্রসারণের লক্ষ্যে ইএটিএল ইনোভেশন হাব লিমিটেড এক উচ্চপর্যায়ের নৈশভোজ ও আলোচনা সভার আয়োজন করেছে। গত ৬ জুন রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ সফররত ব্রিটিশ ও চীনা ব্যবসায়ী ও বিনিয়োগকারী প্রতিনিধি দলের সম্মানে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


ইএটিএল ইনোভেশন হাবের ব্যবস্থাপনা পরিচালক এম. এ. মুবিন খানের আমন্ত্রণে আয়োজিত এই সভাটি বাংলাদেশ, যুক্তরাজ্য ও চীনের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং টেকসই উন্নয়নভিত্তিক বিনিয়োগের নতুন সম্ভাবনা উন্মোচনে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখছে।


অনুষ্ঠানে সরকারের শীর্ষ পর্যায়ের নীতিনির্ধারক, আন্তর্জাতিক বিনিয়োগকারী এবং বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। অতিথিদের মধ্যে অংশ নেন মাননীয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিসেস আফরোজা খানম রিতা, এমপি; বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান, এমপি; এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, এমপি। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, ডিজিএমই-এর মহাপরিচালক এবং জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তারাও এতে যোগ দেন। আন্তর্জাতিক প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ওল্ডহাম কাউন্সিলের ডেপুটি লিডার ও গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ পার্টনারশিপ বোর্ডের চেয়ারম্যান কাউন্সিলর আব্দুল জব্বার এমবিই। প্রতিনিধি দলে আরও অন্তর্ভুক্ত ছিলেন আন্তর্জাতিক ব্যবসায়ী ও প্রযুক্তি বিশেষজ্ঞ অ্যান্ড্রু ম্যাককালি, ক্রিস বল্ডউইন, হাউ চুনলিন এবং কিউ রান।


আলোচনাসভায় মূলত নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, পর্যটন এবং প্রযুক্তি খাতে যৌথ বিনিয়োগের বিভিন্ন ক্ষেত্র নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। বিদেশি প্রতিনিধিরা বাংলাদেশের গ্রিন এনার্জি প্রকল্প, প্রযুক্তি স্থানান্তর, আন্তর্জাতিক অর্থায়ন এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে যৌথ উদ্যোগে কাজ করার গভীর আগ্রহ প্রকাশ করেন। উল্লেখ্য, এই আয়োজনটি ২০২৫ সালের নভেম্বরে যুক্তরাজ্যের হাউস অব কমন্সে ব্রিটিশ এমপি ও ম্যানচেস্টারের মেয়রের সাথে ইএটিএল-এর উচ্চপর্যায়ের বৈঠকের ধারাবাহিকতারই একটি অংশ, যেখানে বাংলাদেশের শিক্ষা ও প্রযুক্তি খাতের দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের রূপরেখা তৈরি হয়েছিল।


অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিসেস আফরোজা খানম রিতা, এমপি বলেন, বর্তমান সরকার বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং দেশকে আঞ্চলিক ব্যবসার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সব ধরনের ডিজিটাল রূপান্তর ও অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করছে। ড. আব্দুল মঈন খান, এমপি তার বক্তব্যে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির ভূমিকা এবং সরকারি-বেসরকারি খাতের কার্যকর অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করেন। অন্যদিকে, আয়োজক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এম. এ. মুবিন খান বলেন, বাংলাদেশ দ্রুত প্রযুক্তিনির্ভর অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। নবায়নযোগ্য জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল অবকাঠামো খাতে আন্তর্জাতিক সহযোগিতা দেশের দীর্ঘমেয়াদি ও টেকসই প্রবৃদ্ধিকে আরও শক্তিশালী করবে।


উল্লেখ্য, বাংলাদেশের প্রথম বেসরকারি খাতভিত্তিক ইনোভেশন হাব হিসেবে ইএটিএল ইনোভেশন হাব লিমিটেড গাজীপুরের কালিয়াকৈর হাই-টেক পার্কে অত্যাধুনিক প্রযুক্তি অবকাঠামো পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), বিগ ডেটা অ্যানালিটিক্স, ইন্টারনেট অব থিংস (IoT) এবং অগমেন্টেড ও ভার্চুয়াল রিয়েলিটির মতো ফ্রন্টিয়ার প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ উন্নয়নে কাজ করছে। দেশি-বিদেশি খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণার মাধ্যমে ভবিষ্যৎ শিল্পখাতের চাহিদা পূরণে সক্ষম জনশক্তি গড়ে তুলতে ইএটিএল নিরলস কাজ করে যাচ্ছে, যা বৈশ্বিক বিনিয়োগকারীদের সঙ্গে বাংলাদেশের সেতুবন্ধন তৈরিতে একটি বড় মাইলফলক।


সম্পর্কিত খবর