বাণিজ্য
সোনালী ব্যাংককে আরও পেশাদার হতে হবে: অর্থ উপদেষ্টা

দেশের আর্থিক উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সোনালী ব্যাংককে আরও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। আজ সোমবার রাজধানীর বসুন্ধরায় আন্তর্জাতিক কনভেনশন সিটিতে অনুষ্ঠিত সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই গুরুত্বারোপ করেন।
অর্থ উপদেষ্টা বলেন, “বর্তমানে সোনালী ব্যাংকের মূলধন–ঘাটতি নেই, ঋণ–আমানত অনুপাতও সন্তোষজনক। ট্রেজারি কার্যক্রমসহ গুরুত্বপূর্ণ সকল কাজে ব্যাংকটি সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করছে।” তিনি আরও বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে ও স্থিতিশীল রাখতে উদ্যোগ নিয়েছে, তবে সামনে আরও বড় চ্যালেঞ্জ রয়েছে, যা মোকাবিলায় সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।”
ঋণ বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, বড় ব্যবসায়ীদের তুলনায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণে বেশি গুরুত্ব দেওয়া উচিত। কারণ এসএমই খাত কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও সতর্ক করে বলেন, বড় ঋণে ঝুঁকিও বেশি।
সম্মেলনে স্বাগত বক্তব্য দেন সোনালী ব্যাংকের এমডি ও সিইও মো. শওকত আলী খান। বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, সোনালী ব্যাংকের মূলধন–ঘাটতি শূন্য হওয়ায় এটি প্রশংসার দাবি রাখে। তিনি আরও বলেন, “রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সোনালী ব্যাংকের খেলাপি ঋণ সহনীয় পর্যায়ে রয়েছে। ঋণ কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে ব্যাংকের বার্ষিক মুনাফা ভবিষ্যতে দ্বিগুণ হয়ে ১৫ হাজার কোটি টাকা পর্যন্ত পৌঁছাতে পারে।”
সম্মেলনে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী, অর্থ বিভাগের সচিব খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকসহ বিভিন্ন পর্যায়ের ব্যাংক কর্মকর্তা ও শাখা প্রধানরা উপস্থিত ছিলেন। আলোচনার শেষে ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে মতবিনিময়, ব্যবসায়িক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।








