বাণিজ্য

পুঁজিবাজার উন্নয়ন এবং বিনিয়োগবান্ধব অর্থনীতি গঠনে প্রস্তাবিত বাজেট ইতিবাচক: ডিবিএ

ডেস্ক

শেয়ারঃ

পুঁজিবাজার উন্নয়ন এবং বিনিয়োগবান্ধব অর্থনীতি গঠনে প্রস্তাবিত বাজেট ইতিবাচক: ডিবিএ- খবরের থাম্বনেইল ফটো

ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে স্বাগত জানিয়েছে। সংগঠনটির মতে, পুঁজিবাজার উন্নয়ন এবং বিনিয়োগবান্ধব অর্থনীতি গঠনে বাজেটে গৃহীত বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ সময়োপযোগী ও ইতিবাচক পদক্ষেপ।


ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম আজ শনিবার এক বিবৃতিতে প্রস্তাবিত বাজেট উপস্থাপনের জন্য অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে অভিনন্দন জানান। একই সঙ্গে অর্থনীতি পুনর্গঠন, পুঁজিবাজার সংস্কার, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠার উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকেও অভিনন্দন জানান তিনি।


বিবৃতিতে সাইফুল ইসলাম বলেন, এবারের বাজেটে একটি শক্তিশালী, স্বচ্ছ ও আস্থাভিত্তিক পুঁজিবাজার গড়ে তোলার অঙ্গীকার প্রতিফলিত হয়েছে, যা দেশের পুঁজিবাজারের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। দীর্ঘমেয়াদি মূলধন সংগ্রহের কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে পুঁজিবাজারকে গড়ে তোলার সুস্পষ্ট নীতিগত ঘোষণা ডিবিএ গভীর সন্তুষ্টির সঙ্গে গ্রহণ করেছে।


তিনি বলেন, পুঁজিবাজারের নিয়ন্ত্রক কাঠামো শক্তিশালীকরণ, বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিতকরণ, বাজারে সুশাসন ও স্বচ্ছতা বৃদ্ধি, বন্ড বাজার সম্প্রসারণ, করপোরেট বন্ড, গ্রিন বন্ড, সুকুক ও মিউচুয়াল ফান্ডের উন্নয়ন, তালিকাভুক্তি প্রক্রিয়া সহজীকরণ এবং তথ্য প্রকাশ ব্যবস্থার আধুনিকায়নের উদ্যোগ দেশের পুঁজিবাজারের বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে।


ডিবিএ সভাপতি বলেন, দীর্ঘদিন ধরে আস্থার সংকট, সীমিত বিনিয়োগ পণ্য এবং ব্যাংকনির্ভর অর্থায়নের কারণে পুঁজিবাজার প্রত্যাশিত ভূমিকা পালন করতে পারেনি। তবে বাজেটে পুঁজিবাজারকে অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে প্রতিষ্ঠার যে নীতিগত প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা বাস্তবায়িত হলে দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, উদ্যোক্তাদের মূলধন সংগ্রহ এবং কর্মসংস্থান ও শিল্পায়ন ত্বরান্বিত হবে।


দেশের পুঁজিবাজারকে আন্তর্জাতিক মানসম্পন্ন ও শক্তিশালী বাজারে পরিণত করতে সরকার, নিয়ন্ত্রক সংস্থা, স্টক এক্সচেঞ্জ, ব্রোকারেজ হাউস, তালিকাভুক্ত কোম্পানি এবং বিনিয়োগকারীদের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান সাইফুল ইসলাম।


সম্পর্কিত খবর