বাণিজ্য
ঢাকায় অনুষ্ঠিত হবে ‘কে-গুডস ফেস্টা ২০২৬’, প্রদর্শিত হবে কোরিয়ান পণ্য ও সংস্কৃতি

বাংলাদেশে কোরিয়ান পণ্য, সংস্কৃতি এবং ব্যবসায়িক অংশীদারত্ব সম্প্রসারণের লক্ষ্যে আগামী ১৯ ও ২০ জুন যমুনা ফিউচার পার্কে যৌথভাবে ‘কে-গুডস ফেস্টা ২০২৬’-এর আয়োজন করছে বাংলাদেশে কোরিয়া প্রজাতন্ত্রের দূতাবাস এবং কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি (কোটরা)।
রাজধানীর যমুনা ফিউচার পার্কের ইস্ট কোর্টে দুই দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে। এতে ইলেকট্রনিক পণ্য, প্রসাধনী, ত্বক ও ব্যক্তিগত পরিচর্যার সামগ্রী, লাইফস্টাইল পণ্য এবং খাদ্যপণ্যসহ বিভিন্ন ধরনের কোরিয়ান ভোক্তাপণ্য প্রদর্শন করা হবে বলে ঢাকাস্থ দক্ষিণ কোরিয়ার দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উৎসবটির লক্ষ্য হলো বাংলাদেশি ভোক্তা ও ব্যবসায়ীদের কাছে উদ্ভাবনী কোরিয়ান পণ্য পরিচিত করে তোলা, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করা এবং স্থানীয় আমদানিকারক, পরিবেশক ও খুচরা বিক্রেতাদের জন্য নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি করা।
আগামী ১৯ জুন বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে উৎসবটির উদ্বোধন করা হবে।
পণ্য প্রদর্শনীর পাশাপাশি দর্শনার্থীদের জন্য থাকছে নানা সাংস্কৃতিক আয়োজন। এর মধ্যে রয়েছে কে-পপ পরিবেশনা, কে-বিউটি মেকআপ প্রদর্শনী, কোরিয়ান খাবার চেখে দেখার সুযোগ, কিমচি তৈরির অভিজ্ঞতা, হানবক পরিধান কার্যক্রম এবং তাৎক্ষণিক ছবি তোলার বিশেষ ফটো জোন।
এ ছাড়া উৎসবে কোরিয়া ভ্রমণসংক্রান্ত তথ্যকেন্দ্র, বৃত্তি-সংক্রান্ত তথ্য বুথ এবং জনপ্রিয় ‘বুলদাক স্পাইসি নুডল চ্যালেঞ্জ’-এরও আয়োজন থাকবে।
আয়োজকরা জানান, বাংলাদেশি ভোক্তাদের মধ্যে কোরিয়ান পণ্য ও সংস্কৃতির ক্রমবর্ধমান জনপ্রিয়তার প্রতিফলন হিসেবে এ উৎসবের আয়োজন করা হচ্ছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও ব্যবসায়িক সহযোগিতা বৃদ্ধির একটি বার্ষিক প্ল্যাটফর্ম হিসেবে এটিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্য রয়েছে।







