বাণিজ্য

আরো ২৫০০ কোটি টাকা ধার পেল ইসলামী ব্যাংক

ডেস্ক

শেয়ারঃ

আরো ২৫০০ কোটি টাকা ধার পেল ইসলামী ব্যাংক- খবরের থাম্বনেইল ফটো

বাংলাদেশ ব্যাংক থেকে তারল্য সহায়তা হিসেবে আরও ২ হাজার ৫০০ কোটি টাকা পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। তবে এই অর্থের পুরোটা এখনো ব্যবহার করা হয়নি বলে জানিয়েছেন ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আলতাফ হুসাইন।


সোমবার ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “গতকাল আমরা বাংলাদেশ ব্যাংক থেকে ২ হাজার ৫০০ কোটি টাকা পেয়েছি।”


সাম্প্রতিক সময়ে ব্যাংকটি ঘিরে গ্রাহকদের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছিল, তা ধীরে ধীরে কমছে বলেও জানান তিনি। তাঁর আশা, আতঙ্কের কারণে যারা আমানত তুলে নিয়েছেন, তারা আবারও ব্যাংকের প্রতি আস্থা রেখে ফিরে আসবেন।


তিনি আরও জানান, গ্রাহক আস্থার ইতিবাচক লক্ষণ দেখা যাচ্ছে। একটি বড় শাখার তথ্যে দেখা গেছে, আগের তুলনায় হিসাব বন্ধের (অ্যাকাউন্ট ক্লোজার) হার প্রায় ৭৫ শতাংশ কমে এসেছে।


আলতাফ হুসাইন বলেন, এই প্রবণতা গ্রাহকদের আস্থা ফিরে আসার ইঙ্গিত বহন করছে। ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে ব্যবস্থাপনা কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।


সাবেক চেয়ারম্যানের সরকারি গাড়ি ব্যবহারের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যাংকের নিয়ম অনুযায়ী সাবেক চেয়ারম্যান গাড়ি ব্যবহার করেন। অপসারণ সংক্রান্ত চিঠি হস্তান্তরের সঙ্গে সঙ্গেই গাড়িটি ফেরত নেওয়া হবে।


তিনি আরও বলেন, গ্রাহকদের স্বাভাবিক ব্যাংকিং সেবা নিশ্চিত করা এবং ব্যাংকের প্রতি আস্থা পুনঃপ্রতিষ্ঠাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য।


এদিকে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও ইসলামী ব্যাংকের বোর্ড দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জহির হোসেন বলেন, “এখন পেছনে তাকানোর সুযোগ নেই। আমানতকারীরা যেন নির্বিঘ্নে লেনদেন চালিয়ে যেতে পারেন।”


তিনি জানান, যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে দ্রুত পাঁচ সদস্যের একটি পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের প্রক্রিয়া চলছে। যাচাই-বাছাই শেষে শিগগিরই নতুন বোর্ড গঠন করা হবে।


বর্তমানে তিনি এক সদস্যবিশিষ্ট অস্থায়ী বোর্ড হিসেবে দায়িত্ব পালন করছেন, যাতে ব্যাংকের কার্যক্রমে কোনো বিঘ্ন না ঘটে বলেও জানান তিনি।


সম্পর্কিত খবর