জাতীয়

ইসলামী আন্দোলনের ৩০ দফা ইশতেহার ঘোষণা

ডেস্ক

শেয়ারঃ

ইসলামী আন্দোলনের ৩০ দফা ইশতেহার ঘোষণা- খবরের থাম্বনেইল ফটো

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে। ইশতেহারে রাষ্ট্র পরিচালনায় শরিয়া বা ইসলামী আইনের সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার অঙ্গীকারসহ রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের নানা প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে।


বুধবার বিকেল পৌনে ৩টার দিকে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আইএবি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার ঘোষণা করা হয়।


দলের ঘোষিত ইশতেহারে বলা হয়, ক্ষমতায় গেলে তারা রাষ্ট্রক্ষমতার ভারসাম্য রক্ষা করবে এবং রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। একই সঙ্গে রাষ্ট্র পরিচালনায় শরিয়ার সর্বোচ্চ প্রাধান্য নিশ্চিত করার পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা চালু করার প্রতিশ্রুতি দেওয়া হয়।


ইশতেহারে আরও উল্লেখ করা হয়, জুলাই গণঅভ্যুত্থানের চেতনার প্রতি দলটি দায়বদ্ধ থাকবে এবং দেশের সকল জনগোষ্ঠীর মৌলিক অধিকার সংরক্ষণ ও নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে। ধর্ম ও রাজনীতির মধ্যে সমন্বয়ের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করা হয়।


অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের আস্থা ও সমর্থনের ভিত্তিতে একটি নৈতিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে চায়। দুর্নীতি, অনিয়ম ও বৈষম্য দূর করে ইসলামী মূল্যবোধের আলোকে সমাজ ও রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে দলটি নির্বাচনে অংশগ্রহণ করছে বলে তারা উল্লেখ করেন।


উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ‘১১ দলীয় নির্বাচনি ঐক্য’ থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়। সে সময় দলটি এককভাবে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতির কথা জানায়। পরবর্তীতে তারা ২৫৯টি সংসদীয় আসনে প্রার্থী চূড়ান্ত করে।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা দলীয় প্রতীক ‘হাতপাখা’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


সম্পর্কিত খবর