জাতীয়
ভোটকেন্দ্র পাহারা দিয়ে ফলাফল নিশ্চিত করার আহ্বান তারেক রহমানের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরে আয়োজিত এক নির্বাচনি সভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ভোটারদের প্রতি ভোটাধিকার রক্ষায় সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “ভোট দিয়ে চলে গেলে হবে না। ফলাফল ঘোষণা পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দিতে হবে, যাতে কেউ আপনার ভোট অন্যায়ভাবে ব্যবহার করতে না পারে।”
বুধবার বিকেলে ফরিদপুর শহরের রাজেন্দ্র কলেজ মাঠে নারী ভোটারদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ভোটের দিন ফজরের নামাজ জামাতে আদায় করে শান্তিপূর্ণভাবে ভোটের লাইনে দাঁড়াতে হবে এবং সারাদিন সতর্ক অবস্থানে থাকতে হবে। তিনি বলেন, জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তিই মানুষের ভোটাধিকার হরণ করতে পারবে না।
তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি শুধু একটি নির্বাচনের দিন নয়, এটি দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ দিন। গত ১৫ বছরে যারা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, তাদের দুঃশাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য দেশের প্রতিটি মানুষকে ৫ আগস্টের মতো রাজপথ ও ভোটকেন্দ্রে সক্রিয় থাকতে হবে।
নির্বাচন-পরবর্তী পরিকল্পনার কথা উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে ফরিদপুরকে বিভাগে উন্নীত করা হবে এবং পদ্মা ব্যারেজ নির্মাণের মাধ্যমে কৃষিখাতে ব্যাপক উন্নয়ন সাধন করা হবে।
তিনি আরও বলেন, ক্ষমতায় এলে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে এবং সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হবে, যা কৃষি উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারেক রহমান অভিযোগ করেন, এখনো একটি মহল বাড়ি বাড়ি গিয়ে জাতীয় পরিচয়পত্র নম্বর ও মোবাইল ফাইন্যান্সিয়াল সেবার তথ্য সংগ্রহ করে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “গত কয়েক বছরে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি দেশের মানুষ প্রত্যক্ষ করেছে। এই অবস্থার আমূল পরিবর্তন প্রয়োজন। মনে রাখতে হবে, এ দেশ কোনো দলের বা ব্যক্তির নয়—এ দেশ জনগণের।”








