জাতীয়
সুষ্ঠু পরিকল্পনা থাকলে সমস্যা সমাধান সম্ভব: ডা. জুবাইদা রহমান

বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের স্ত্রী ও দলীয় নেতা ডা. জুবাইদা রহমান বলেছেন, দেশের বিভিন্ন সমস্যা সুষ্ঠু পরিকল্পনা ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে সমাধান করা সম্ভব। তিনি বলেন, দেশের রাজনীতি হবে পরিকল্পিত, জনকল্যাণমুখী এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার ভিত্তিতে পরিচালিত।
বুধবার রাজধানীর হাতিরঝিলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পেশাজীবীদের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, “আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা। সবার আগে বাংলাদেশ। ভেদাভেদের আগে সমতা। আমরা সবাইকে দিতে চাই শ্রমের মর্যাদা, মেধার মূল্যায়ন, মেধাভিত্তিক চাকরি, অধিকার ও সুবিচার। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা এমন একটি সমাজ ও রাষ্ট্র উপহার দিতে চাই, যেখানে নেতার আগে থাকবে জনগণ। ‘করব কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ।’ সেই লক্ষ্যেই আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।”
সভায় উপস্থিত সবার উদ্দেশে ডা. জুবাইদা রহমান বলেন, “আপনারা মূল্যবান সময় নিয়ে এখানে এসেছেন, আমাদের কথা শুনেছেন এবং সমস্যাগুলো জানিয়েছেন। আমরা সুষ্ঠুভাবে সমস্যাগুলো সমাধান করতে চাই। এজন্য আমরা আরও শুনব, আরও জানব এবং একে অপরকে আরও ভালোভাবে জানার চেষ্টা করব।”








