বিনোদন

রাজপাল যাদবকে তিন মাসের কারাদণ্ড

ডেস্ক

শেয়ারঃ

রাজপাল যাদবকে তিন মাসের কারাদণ্ড- খবরের থাম্বনেইল ফটো

ছবি : সংগৃহীত

চেক জালিয়াতি ও পাওনা টাকা পরিশোধ না করার অভিযোগে বলিউড অভিনেতা রাজপাল যাদবকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন দিল্লির হাইকোর্ট। একই সঙ্গে তাঁর করা সমস্ত আপিল আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। তবে পূর্ববর্তী নিম্ন আদালতের দেওয়া ছয় মাসের কারাদণ্ডের মেয়াদ কমিয়ে হাইকোর্ট তিন মাসের সাজা নির্ধারণ করেছেন।


শুক্রবার (১০ জুলাই) দিল্লির হাইকোর্টের বিচারপতি স্বর্ণকান্ত শর্মা এ রায় ঘোষণা করেন। আদালতের নির্দেশ অনুযায়ী, রাজপালের বিরুদ্ধে দায়ের হওয়া সাতটি মামলার প্রতিটিতে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। যা একই সাথে কার্যকর হবে। এছাড়া প্রতিটি মামলার বিপরীতে অভিযোগকারীকে ১ কোটি ৫ লাখ টাকা করে পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার অপর সহ-আসামি এবং অভিনেতার স্ত্রী রাধা যাদবকেও প্রতিটি মামলার জন্য ৫ লাখ ৫১ হাজার ৩৮০ টাকা করে জরিমানা করা হয়েছে।


মামলার এজহার থেকে জানা যায়, ২০১২ সালে ‘আতা পাতা লাপাতা’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন রাজপাল। চলচ্চিত্রটি নির্মাণের জন্য তিনি ‘মুরলি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন। বক্স অফিসে সিনেমাটি মুখ থুবড়ে পড়লে বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়েন অভিনেতা।


পরবর্তীতে পাওনাদার প্রতিষ্ঠান টাকা ফেরত চাইলে রাজপাল তা দিতে ব্যর্থ হন। সুদ-আসলে ঋণের পরিমাণ দাঁড়ায় প্রায় ৬ কোটি টাকায়। দীর্ঘ অচলাবস্থার পর ২০১৮ সালে প্রতিষ্ঠানটি রাজপাল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়।


শুনানি চলাকালীন আদালত ক্ষোভ প্রকাশ করে জানান, রাজপাল বারবার অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করেননি। পাওনা পরিশোধের জন্য তিনি যেসব চেক দিয়েছিলেন, তার একাধিক চেক ব্যাংকে বাউন্স হয়েছে। এমনকি আদালতের কাছ থেকে বারবার সময় নিয়েও তিনি অর্থ পরিশোধে ব্যর্থ হয়েছেন।


এর আগে ২০২৪ সালের মে মাসে একটি দায়রা আদালত রাজপালকে দোষী সাব্যস্ত করে ছয় মাসের কারাদণ্ড দিয়েছিলেন। পরে তাঁর আইনজীবীর সমঝোতার আশ্বাসে দিল্লি হাইকোর্ট সাজা স্থগিত করে বিষয়টি মধ্যস্থতা কেন্দ্রে পাঠান। কিন্তু সেখানেও কোনো সমাধান না আসায় চলতি বছরের ৫ ফেব্রুয়ারি রাজপাল আদালতে আত্মসমর্পণ করেন। পরবর্তীতে ১ কোটি ৫০ লাখ টাকা জমা দেওয়ার শর্তে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন তিনি। ইতিমধ্যে তিনি মোট ২ কোটি ২৫ লাখ টাকা পরিশোধ করেছেন।


দীর্ঘ আট বছর ধরে চলা মামলায় ইতিপূর্বেও দুবার জেল খাটতে হয়েছে ‘ভুল ভুলাইয়া’ খ্যাত এ অভিনেতাকে।


সম্পর্কিত খবর