ক্যারিয়ার
প্রথমবারের মতো দেশের আট বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে রাবির ভর্তি পরীক্ষা

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে প্রথমবারের মতো দেশের সব বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার উদ্যোগ নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।
২০২৬-২৭ শিক্ষাবর্ষে রাজশাহীসহ দেশের আট বিভাগীয় শহরে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে দূর-দূরান্তের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশ নিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসার ভোগান্তি অনেকটাই কমে আসবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশাপাশি দেশের বিভাগীয় শহরগুলোতে আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেটে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। বরিশাল বিভাগ বাদ পড়লেও শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ভর্তি উপকমিটির দ্বিতীয় সভায় সেখানে পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনায় নেয় ভর্তি উপ-কমিটি। ফলে প্রথমবারের মতো দেশের সব বিভাগীয় শহরে রাবির ভর্তি পরীক্ষা আয়োজিত হতে যাচ্ছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, "ভর্তিচ্ছুদের দুর্ভোগ লাঘবে দুটি নতুন আঞ্চলিক বিভাগকে কেন্দ্র হিসেবে যুক্ত করা হয়েছিল। পরে চাহিদার প্রেক্ষিতে বরিশাল বিভাগকেও যুক্ত করা হয়েছে। এতে সব বিভাগেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা যেন নিরাপদে ও নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, সেটিই আমাদের মূল লক্ষ্য।"
উল্লেখ্য, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে রাবির স্নাতক ও স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৮, ৯ ও ১৬ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। ৮ জানুয়ারি ‘বি’ ইউনিট, ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবারের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হবে আগামী ১২ নভেম্বর এবং চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। আবেদন প্রক্রিয়া ও ভর্তি পরীক্ষার কেন্দ্রসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হবে।







