ক্যারিয়ার

মালয়েশিয়ার ইউএমটি বিশ্ববিদ্যালয়ে এক্সটার্নশিপের সুযোগ পেল সিকৃবির ৬ শিক্ষার্থী

সিকৃবি প্রতিনিধি

শেয়ারঃ

মালয়েশিয়ার ইউএমটি বিশ্ববিদ্যালয়ে এক্সটার্নশিপের সুযোগ পেল সিকৃবির ৬ শিক্ষার্থী- খবরের থাম্বনেইল ফটো

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের ছয়জন শিক্ষার্থী এক মাসব্যাপী আন্তর্জাতিক এক্সটার্নশিপ (International Inbound Program/Externship) কর্মসূচিতে অংশ নিতে মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালয়েশিয়া তেরেঙ্গানু (Universiti Malaysia Terengganu-UMT)-এর ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যাকুয়াকালচার অ্যান্ড ফিশারিজ (AQUATROP) এ সুযোগ পেয়েছেন।


গত ৪ অক্টোবর থেকে প্রোগ্রাম শুরু হয়ে আগামী ১ নভেম্বর পর্যন্ত চলবে। কর্মসূচিতে মৎস্যবিজ্ঞান অনুষদের ফিশ হেলথ ম্যানেজমেন্ট বিভাগ থেকে চারজন এবং অ্যাকুয়াকালচার বিভাগ থেকে দুইজন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।


এই আন্তর্জাতিক এক্সটার্নশিপ কর্মসূচি সিকৃবির মৎস্যবিজ্ঞান অনুষদ (Faculty of Fisheries) এবং ইউনিভার্সিটি মালয়েশিয়া তেরেঙ্গানুর ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যাকুয়াকালচার অ্যান্ড ফিশারিজ (AQUATROP)-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে। কর্মসূচিটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন সিকৃবির ফিশ হেলথ ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মো. মশিউর রহমান।


এক্সটার্নসিপে সুযোগ পাওয়া শিক্ষার্থীরা হলেন- অ্যাকুয়াকালচার বিভাগের উম্মে হানি সাইমা স্বর্ণা, আসফিয়া আঞ্জুম রিফাত, ফিশ হেলথ ম্যানেজমেন্ট বিভাগের রিদিমা আহমেদ রিয়া, কাজী শিয়াম, সাদিয়া আফরিন ও মো. সাদিকুর রহমান ।


এ বিষয়ে ফিশ হেলথ ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মো. মশিউর রহমান বলেন, "এই আন্তর্জাতিক এক্সটার্নশিপের মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক অ্যাকুয়াকালচার ও ফিশ হেলথ ব্যবস্থাপনা সম্পর্কে ব্যবহারিক জ্ঞান ও গবেষণার অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে।"


তিনি আরও বলেন, “আন্তর্জাতিক পরিবেশে কাজ করার এই অভিজ্ঞতা তাদের দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই বছর মাত্র ৬ জন গেছে, আমরা আশাবাদী সামনের বছরগুলোতে এমএস শিক্ষার্থীদের পাশাপাশি অনার্সের শিক্ষার্থীরাও যুক্ত হবে । এজন্য বিশ্ববিদ্যালয় ও ইউএমটি পক্ষ থেকে যারা যাবে তাদেরকে আরো সুযোগ-সুবিধা ও বিভিন্ন ল্যাবে যুক্ত হয়ে যেন উন্নত মানের গবেষণা করতে পারে সে চেষ্টা করব। যদি এই অগ্রযাত্রা অব্যাহত থাকে তাহলে সিকৃবি ও ইউনিভার্সিটি মালয়েশিয়া তেরেঙ্গানুর মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা আরও জোরদার হবে বলে আমরা আশা করছি।"


▌সম্পর্কিত খবর