ক্যাম্পাস
সিকৃবি ও চীনের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গবেষণা জোরদারের উদ্যোগ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) চীন থেকে উচ্চতর শিক্ষা নিয়ে ফেরা শিক্ষক ও গবেষকদের সংগঠন চাইনিজ ইউনিভার্সিটিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব সিলেট অ্যাগ্রিকালচারাল ইউনিভার্সিটি (CUAASAU)-এর উদ্যোগে বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা, গবেষণা ও প্রযুক্তি বিনিময় জোরদারে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে আয়োজিত অ্যাসোসিয়েশনের বার্ষিক সভায় এ সংক্রান্ত কর্মপরিকল্পনা ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা হয় এবং আনুষ্ঠানিকভাবে সংগঠনটির যাত্রা শুরু হয়।
সিকৃবির কৃষি রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামরুল হাসান এবং কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. দিলারা আক্তার অ্যাসোসিয়েশনের সমন্বয়ক হিসেবে কার্যক্রম পরিচালনা করছেন।
অ্যাসোসিয়েশনের সদস্যরা চীনের বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানীয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং চাইনিজ একাডেমি অব সায়েন্সেস (CAS)-এর বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে মাস্টার্স, পিএইচডি ও পোস্টডক্টরাল গবেষণাসহ উচ্চতর শিক্ষা সম্পন্ন করেছেন। চীনে অর্জিত জ্ঞান ও আন্তর্জাতিক একাডেমিক যোগাযোগকে কাজে লাগিয়ে সিকৃবির শিক্ষার্থী ও গবেষকদের জন্য সুযোগ সৃষ্টি করতে তাঁরা উদ্যোগী হয়েছেন বলে জানান অধ্যাপক ড. মো. কামরুল হাসান।
সমন্বয়ক অধ্যাপক ড. দিলারা আক্তার বলেন, “আমাদের মূল উদ্দেশ্য হলো চীনের সঙ্গে গবেষণার মেলবন্ধন গড়ে তোলা এবং গবেষণা উপকরণ ও জ্ঞান বিনিময় নিশ্চিত করা। এর মাধ্যমে সিকৃবির শিক্ষার্থীরা যৌথ গবেষণা বিনিময় কর্মসূচি, ভাষা ও সাংস্কৃতিক বিনিময় এবং আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের সুযোগ পাবে।”
চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ইতোমধ্যে দুটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের প্রস্তুতি এগিয়ে চলছে জানিয়ে তিনি আরও বলেন, “দুটি সমঝোতা স্মারকের কাজ বর্তমানে চলমান রয়েছে। এর মধ্যে একটি খুব শিগগিরই চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি চীনে অবস্থানরত সিকৃবির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে একটি শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্ক সক্রিয় রয়েছে। তাদের সঙ্গেও আমাদের নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে।”
উদ্যোক্তারা জানান, বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে গৃহীত এ কার্যক্রম সম্পর্কে আনুষ্ঠানিকভাবে অবহিত করতে শিগগিরই ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসে বিস্তারিত প্রতিবেদন পাঠানো হবে।






