ক্যাম্পাস

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

সিকৃবি প্রতিনিধি

শেয়ারঃ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার- খবরের থাম্বনেইল ফটো

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) সংলগ্ন যুব উন্নয়ন কেন্দ্র এলাকা থেকে ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।


শনিবার(১০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সাপটি উদ্ধার করে সিকৃবির প্রাণিকল্যাণ ও বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ক সংগঠন ‘প্রাধিকার’। পরে সাপটিকে টিলাগড় ইকো পার্কে অবমুক্ত করা হয়।


প্রাধিকার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর যুব উন্নয়ন কেন্দ্রের পেছনের ঝোপঝাড় এলাকায় অজগরটি দেখতে পান স্থানীয় কয়েকজন যুবক। সাপটি রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল। খবর পেয়ে প্রাধিকারের জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় স্থানীয় যুবকদের সহায়তায় সাপটিকে নিরাপদে আটক করা হয়।


প্রাধিকারের এক সদস্য বাদশা ফাহাদ বলেন, ‘খবর পাওয়ার পর আমাদের টিম সেখানে পৌঁছায়। উদ্ধার করা অজগরটি প্রায় ১২ ফুট লম্বা । প্রাথমিক পর্যবেক্ষণে সাপটি সম্পূর্ণ সুস্থ আছে। এটি বার্মিজ পাইথন প্রজাতির, যা সম্পূর্ণ নির্বিষ।


পরে বন বিভাগের সঙ্গে সমন্বয় করে সাপটিকে টিলাগড় ইকো পার্কের গভীর বনে অবমুক্ত করা হয়।


স্থানীয়রা জানান, এর আগেও ওই এলাকায় ছোট-বড় অজগর দেখা গেছে। বন্যপ্রাণী হত্যা না করে এভাবে উদ্ধারের উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন।


প্রাধিকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, কোথাও অজগর বা অন্য কোনো বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে বা না মেরে নিকটস্থ বন বিভাগ অথবা প্রাধিকারে যোগাযোগ করতে।


▌সম্পর্কিত খবর