জাতীয়

মাগুরা-১ আসনে জামায়াত প্রার্থীর ওপর হামলা

ডেস্ক

শেয়ারঃ

মাগুরা-১ আসনে জামায়াত প্রার্থীর ওপর হামলা- খবরের থাম্বনেইল ফটো

মাগুরা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুল মতিনের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।


সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ফুলবাড়ি গ্রামে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে মাগুরা শহরে ফেরার পথে ফুলবাড়ি চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলবাড়ি বাজার এলাকায় পৌঁছালে সেখানে উপস্থিত বিএনপি নেতাকর্মীদের সঙ্গে হঠাৎ উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ অনুযায়ী, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে বিএনপি সমর্থিত কয়েকজন ব্যক্তি আব্দুল মতিনের গাড়ি ঘিরে ধরেন। একপর্যায়ে উত্তেজিত ব্যক্তিরা তার সঙ্গে থাকা লোকজন ও ব্যবহৃত গাড়িতে হামলা চালান। পরিস্থিতি অবনতি হলে স্থানীয় বাসিন্দা ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা তাকে নিরাপদে ফুলবাড়ি বাজার এলাকা থেকে সরিয়ে নেন। এতে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়।


এ বিষয়ে মাগুরা-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুল মতিন অভিযোগ করে বলেন, ‘আমার গ্রামের বাড়িতে বাবা-মায়ের কবর জিয়ারত শেষে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময়ের সময় বিএনপির হাজিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি মতিয়ারের নেতৃত্বে আমার সঙ্গী লোকজন ও আমার ব্যক্তিগত গাড়িতে হামলা চালানো হয়। হামলায় জড়িতদের মধ্যে হাসান (সভাপতি, ফুলবাড়ি স্কুল), সুমন, কিবুল, আরব আলী ও টোকন মোল্লা রয়েছেন।’


তিনি আরও দাবি করেন, অভিযুক্তরা সবাই হাজিপুর ইউনিয়নের লক্ষীখোল এলাকার বাসিন্দা। এ ঘটনায় তিনি প্রশাসনকে অবহিত করেছেন এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।


ঘটনার পর জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


সম্পর্কিত খবর