জাতীয়
জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের জন্য নাজায়েজ: হেফাজত আমির

চট্টগ্রামের ফটিকছড়িতে এক ধর্মীয় অনুষ্ঠানে হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরীর সাম্প্রতিক বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কাজীরহাট বড় মাদ্রাসায় অনুষ্ঠিত বোখারি শরীফ খতম মাহফিলে তিনি জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কঠোর মন্তব্য করেন বলে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, তিনি মুসলমানদের উদ্দেশে জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া ‘জায়েজ হবে না’ বলে মত প্রকাশ করেন। একই অনুষ্ঠানে তিনি চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের প্রতি সমর্থনের কথাও উল্লেখ করেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি নির্বাচনকে ‘জিহাদ’ হিসেবে আখ্যা দেন এবং জামায়াত সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন।
হেফাজত আমিরের এ বক্তব্য নিয়ে ইসলামী অঙ্গন ও রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সংশ্লিষ্ট মহলের অনেকে মনে করছেন, ইসলামী দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টির পরিবর্তে পারস্পরিক শ্রদ্ধা ও ঐক্যের চর্চা সময়ের দাবি। তারা বলেন, জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে দেশে সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার দাবিতে রাজনীতি করে আসছে। ফলে একটি ইসলামী দলকে লক্ষ্য করে প্রকাশ্য মঞ্চে কঠোর ভাষায় সমালোচনা অনাকাঙ্ক্ষিত বিভাজন তৈরি করতে পারে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনকে ঘিরে বিভিন্ন দলের অবস্থান ও কৌশল ভিন্ন হতে পারে। তবে তা নিয়ে মতবিনিময় হওয়া স্বাভাবিক হলেও ইসলামী শক্তির মধ্যে পারস্পরিক সম্মান ও সংলাপ বজায় রাখা জরুরি।
উল্লেখ্য, এর আগেও হেফাজতে ইসলামের আমির জামায়াতে ইসলামীর বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন। সর্বশেষ এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
অনুষ্ঠানে নাজিরহাট বড় মাদ্রাসার মোহতামিম মাওলানা হাবিবুর রহমান কাসেমীসহ স্থানীয় আলেম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।








