জাতীয়
জামায়াত আমীরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষক মিশনের বৈঠক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষক মিশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমীরের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জাপানের রাষ্ট্রদূত ও জাপানি নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান মাসাতো ওয়াতানাবে। বৈঠকে বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন, নির্বাচন ব্যবস্থা এবং সার্বিক গণতান্ত্রিক পরিবেশ নিয়ে আলোচনা হয়।
জানা গেছে, জাপানি নির্বাচন পর্যবেক্ষক মিশনের উদ্দেশ্য হলো বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে সহযোগিতা করা। প্রতিনিধিদল বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের অংশ হিসেবে এ বৈঠক করে।
বৈঠকে জামায়াত আমীর দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন বলে দলীয় সূত্র জানায়। তিনি গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা, ভোটাধিকার নিশ্চিতকরণ এবং জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটানোর বিষয়ে মতামত তুলে ধরেন।
উভয় পক্ষই আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতি নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে বাংলাদেশ ও জাপানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা ও পারস্পরিক অগ্রগতি ভবিষ্যতে আরও জোরদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন মাসুদ এবং জামায়াত আমীরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।








