জাতীয়

নানা অজুহাতে এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে: তাসনিম জারার অভিযোগ

ডেস্ক

শেয়ারঃ

নানা অজুহাতে এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে: তাসনিম জারার অভিযোগ- খবরের থাম্বনেইল ফটো

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা অভিযোগ করেছেন, নানা অজুহাতে তার পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে।


বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা-১১ আসনের খিলগাঁও তালতলা প্রাইম স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের কাছে তিনি এই অভিযোগ করেন। তাসনিম জারা ওই আসনের একজন ভোটার।


সাংবাদিকদের কাছে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে তাসনিম জারা বলেন, “সকাল থেকে আমি আমার নির্বাচনি আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছি। সেখানে পোলিং এজেন্টদের ভেতরে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে না। বলা হচ্ছে- তারা সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটার নন। অথচ নির্বাচনি নিয়মানুযায়ী, পোলিং এজেন্টকে সেই নির্দিষ্ট কেন্দ্রের ভোটার হওয়ার কোনো বাধ্যবাধকতা নেই।”


নারী এজেন্টদের বিষয়ে প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ তুলে তিনি আরও বলেন, “পুরুষ কেন্দ্রে নারী এজেন্ট দেওয়া যাবে না—এমন নিয়ম দেখিয়েও আমার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। এছাড়া মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রেও নিয়ম-বহির্ভূত কড়াকড়ি করা হচ্ছে। পোলিং এজেন্টদের ফোন নিয়ে কেন্দ্রে ঢুকতেই দেওয়া হচ্ছে না।”


নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন তুলে এই প্রার্থী বলেন, “এজেন্টদের বের করে দিয়ে ভেতরে কীভাবে ভোট গ্রহণ হচ্ছে, তা আমার বোধগম্য নয়। এটি কোনোভাবেই সুষ্ঠু প্রক্রিয়া হতে পারে না। আমি সংশ্লিষ্টদের কাছে এ বিষয়ে নিয়ম জানতে চাইলে তারা কোনো সদুত্তর দিতে পারছেন না।”


এ বিষয়ে সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তা বা নির্বাচন কমিশনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে প্রতিবেদকের সরেজমিন পর্যবেক্ষণে দেখা গেছে, নির্বাচনি এলাকার কয়েকটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় উপস্থিতি রয়েছে।


সম্পর্কিত খবর