জাতীয়

‘আগে ভোট, পরে বিয়ে’ — নাগরিক দায়িত্ব পালনে অনন্য দৃষ্টান্ত সৈয়দপুরের তরুণের

ডেস্ক

শেয়ারঃ

‘আগে ভোট, পরে বিয়ে’ — নাগরিক দায়িত্ব পালনে অনন্য দৃষ্টান্ত সৈয়দপুরের তরুণের- খবরের থাম্বনেইল ফটো

নিজের বিয়ের দিনের ব্যস্ততার মাঝেও নাগরিক দায়িত্ব পালনে অবহেলা করেননি নীলফামারীর সৈয়দপুরের এক তরুণ। বিয়ের সাজেই ভোটকেন্দ্রে হাজির হয়ে ভোট প্রদান করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মো. সামিউল ইসলাম (৩২)।


বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বিয়ের আনুষ্ঠানিকতায় যাওয়ার আগে তিনি সরাসরি সৈয়দপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে উপস্থিত হন। শেরওয়ানি ও পাগড়ি পরিহিত নতুন বরকে ভোটকেন্দ্রে দেখে উপস্থিত ভোটারদের মধ্যে কৌতূহল ও আনন্দের সৃষ্টি হয়।


সামিউল ইসলাম উপজেলার নিয়ামতপুর সরকারপাড়া এলাকার বাসিন্দা মো. মনজুরুল ইসলামের ছেলে। ভোট প্রদান শেষে তিনি বলেন, “ভোট শুধু একটি অধিকার নয়, এটি আমাদের নৈতিক দায়িত্ব। আমি প্রতিজ্ঞা করেছিলাম—আগে ভোট দেব, তারপর বিয়ের আনুষ্ঠানিকতায় যাব। জীবনে প্রথমবার ভোট দিলাম, তাই বিষয়টি আমার কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।”


স্থানীয় ভোটার ও প্রতিবেশীরা তার এই দায়িত্ববোধের প্রশংসা করেন। তারা বলেন, বর্তমান প্রজন্মের মাঝে সচেতনতা ও দায়িত্বশীলতার এমন চর্চা সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে। একজন তরুণের এ ধরনের উদ্যোগ অন্যদেরও ভোটদানে উৎসাহিত করবে।


সচেতন মহল মনে করছেন, ব্যক্তি জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তের চেয়েও জাতীয় দায়িত্বকে অগ্রাধিকার দেওয়ার এই মানসিকতা গণতান্ত্রিক চর্চাকে শক্তিশালী করতে সহায়ক হবে।


সম্পর্কিত খবর